দুবাইতে রাষ্ট্রদূতদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মধ্যপ্রাচ্য সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন ও কাতার এবং ইরান ও জর্ডানের রাষ্ট্রদূতদের সম্মেলন দুবাইয়ের একটি হোটেলে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশিদের অবস্থান নিয়ে আলোচনা হয়।’ সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এখানকার রাজনৈতিক পরিস্থিতি বেশ ভালো। সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠী তাদের জনগণের পাশাপাশি বিদেশিদের নিরাপত্তার দিকটি যথেষ্ট দায়িত্বশীলতার মাধ্যমে পালন করছে। এখানকার সরকার ও বিনিয়োগকারীরাও বাংলাদেশিদের ওপর সবচেয়ে বেশি আস্থা রাখছেন।’নাজমুল কাউনাইন জানান, প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।প্রসঙ্গত, সরকারবিরোধী বিক্ষোভের পর লিবিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়লে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ দেশে ফিরতে শুরু করে। মিসর ও তিউনিসিয়া হয়ে ওই বাংলাদেশিরা দেশে ফিরছে। তাদের দেশে ফেরা তদারকি করতে পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার সকালে মিসর যান।