দুবাইফেরত এক ব্যক্তি অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রাম থেকে গত সোমবার রাতে আনিসুর রহমান নামের দুবাই-ফেরত এক ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এ ঘটনায় আতাইকুলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আনিসের (৩২) বাবা আবু সাইদ প্রথম আলোকে বলেন, প্রায় আট বছর ধরে তাঁর ছেলে দুবাই-প্রবাসী। এক মাস আগে ছুটিতে বাড়িতে এসেছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইমন নামে তাঁর এক বন্ধু মুঠোফোনে আনিসকে পাবনা জেলা সদরে যেতে বলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। সন্ধ্যা সাতটার দিকে ইমন পরিচয়ের একজন মুঠোফোনে জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে আনিসকে অপহরণ করেছে। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, পরে সেটিও বন্ধ পাওয়া যায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, ‘অভিযোগ পেয়ে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করেছে। আশা করছি, শিগগির তাঁকে উদ্ধার করা সম্ভব হবে।’