দুবাইয়ে বাংলাদেশি প্রকৌশলী খুন, লাশ আসতে পারে আজ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধুলিয়াকান্দি গ্রামের প্রবাসী প্রকৌশলী শফিকুল ইসলাম (২৮) গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন। আজ শুক্রবার শফিকুলের মরদেহ দেশে আসবে বলে আশা করছে তাঁর পরিবার।
দুবাইয়ে শফিকুলের সহকর্মীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, শফিকুল সোমবার কর্মক্ষেত্রে না গেলে সহকর্মীরা তাঁকে ফোন করেন। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পান তাঁরা। পরে তাঁদের কয়েকজন শফিকুলের বাসায় যান। এ সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের ভেতর শফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ বলছে, মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
শফিকুলের বড় ভাই মো. আবদুল্লাহ জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার রাতে দুবাই পুলিশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা এলাকার এরশাদ মিয়া (৩৫) ও পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁরা দুজন শফিকুলের বাসায় থাকতেন।
আবদুল্লাহ আরও জানান, ভাই খুন হওয়ার খবরে দিশেহারা হলেও তাঁরা এখন শুধুই লাশের অপেক্ষায় আছেন। দুবাইয়ে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (আজ) তাঁর মরদেহ দেশে আসতে পারে।
এলাকাবাসী ও শফিকুলের পরিবার সূত্রে জানা যায়, গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল মান্নানের চার ছেলের মধ্যে সে সবার ছোট। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০০৯ সালে দুবাইয়ের একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি নেন শফিকুল। রোববার রাতে তিনি খুন হলেও বিষয়টি তাঁর পরিবার ও গ্রামবাসী জানতে পারে মঙ্গলবার।