দুবাইয়ে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
দুবাইয়ের শারজাহ শহর থেকে রিংকু চন্দ্র দেব (৩৩) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে ওই দেশের পুলিশ। গত বুধবার বাসা থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। দুদিন পর গত শুক্রবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
রিংকু দেব মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব খলাগ্রামের রণধীর চন্দ্র দেবের ছেলে।
রিংকু দেবের বড় ভাই রঞ্জিত দেব গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নিখোঁজের পরই তাঁর (রিংকু দেবের) এক রুমমেট বাড়িতে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। এরপর শুক্রবার রাতে শারজাহ শহরের আল-আইন এলাকার দুটি ভবনের মধ্যবর্তী জায়গায় তাঁর লাশ পাওয়া যায়। ২০০৮ সালে রিংকু দেব দুবাই গিয়েছিলেন। সেখানে আল-আইন এলাকায় থেকে তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। তিনি বাড়িতে পাকা ঘর তৈরি করছিলেন। ঘরের কাজ শেষ হলে তাঁর দেশে ফেরার কথা ছিল। রিংকু দেবের মৃত্যুর কোনো কারণ এখনো জানতে পারেননি পরিবারের লোকজন। লাশ শারজাহ পুলিশের কাছে রয়েছে। পুলিশ হত্যার কারণ তদন্ত করছে। পুলিশ লাশ হস্তান্তরের পর সঞ্জিত দাস নামে পরিচিত এক ব্যক্তি তাঁর লাশ নিয়ে দেশে আসবেন।