দুবাইয়ে অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি সুগন্ধি তৈরির কারখানায় গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে মৃত ১১ জনের মধ্যে চারজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে মৃত ১১ জনের মধ্যে নয়জন বাংলাদেশি বলে উল্লেখ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মৃত চারজনের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন সিলেটের মো. ইদ্রিস আলীর ছেলে মো. আবদুল কাদির, মৌলভীবাজারের মো. রিয়াজুদ্দিনের ছেলে মো. সুনাম উদ্দিন, শরীয়তপুরের মো. আলাউদ্দিন সরদারের ছেলে সুমন ও চাঁদপুরের আদম আলীর ছেলে রহিম। সূত্র জানায়, মৃত চারজনকে আলাদাভাবে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় ও পরবর্তী অবস্থা জানতে বাংলাদেশের পক্ষ থেকে দুবাইয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র জানায়, দুবাইয়ের কুওজ শিল্পাঞ্চল এলাকা-৪-এ অবস্থিত এএফএনএএন সুগন্ধি কারখানায় মঙ্গলবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়।দুবাইয়ের দ্য ন্যাশনাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ওই কারখানায় আগুন লাগে। দমকল বাহিনীর কর্মীরা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁর পরও এই মৃত্যুর ঘটনা ঘটে। দুবাইয়ের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক একজন ভারতীয় নাগরিক। কারখানায় শ্রমিকদের থাকার ব্যবস্থা করার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। বাসস।