দুবাইয়ে এবার আটকা পড়েছে বিমানের লন্ডন ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণে এবার বাংলাদেশ বিমানের লন্ডন ফ্লাইটের একটি এয়ারবাস দুবাই বিমানবন্দরে আটকা পড়েছে। এর আগে গত ১২ জানুয়ারি ইঞ্জিনে আগুন ধরে বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ আবুধাবি বিমানবন্দরে আটকা পড়ে।বিমানের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা-দুবাই-লন্ডন গন্তব্যের যাত্রী নিয়ে এয়ারবাসটি গত শনিবার দুবাই বিমানবন্দরে যাত্রাবিরতির পর ত্রুটি ধরা পড়ে। পরে ত্রুটি সারিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর আবার সমস্যা (গ্রিন সিস্টেমে হাইড্রোলিক সমস্যা) দেখা দেয়। সঙ্গে সঙ্গে উড়োজাহাজ অবতরণ করে। যাত্রীদের দুবাইয়ের একটি হোটেলে রাখা হয়েছে।পরদিন অর্থাত্ গতকাল রোববার ঢাকা থেকে বিমানের তিনজন প্রকৌশলী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ত্রুটি সারাতে দুবাই গেছেন। একই সঙ্গে সেখানে আটকে পড়া যাত্রীদের লন্ডন নিয়ে যেতে আরেকটি এয়ারবাস পাঠানো হয়েছে। এ ছাড়া ১৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম-মাসকাট ফ্লাইট নিয়ে আরেকটি ডিসি-১০ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল হয়।বিমানের উড়োজাহাজে এভাবে যান্ত্রিক ত্রুটির ঘটনা বেড়ে যাওয়ায় প্রকৌশলী শাখার রক্ষণাবেক্ষণ মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এসব ভালোভাবে খতিয়ে দেখার কোনো উদ্যোগ নেই।