দুবাইয়ে ক্রীড়া সম্মেলনে বাংলাদেশের সুমন রহমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশগ্রহণ করেছেন ময়ূরপঙ্খী ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান মো. সুমন রহমান। খেলাধুলাসহ ফুটবল নিয়ে কাজ করে ‘ময়ূরপঙ্খী ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কাউন্সিল’। এ কারণে দুবাই স্পোর্টস কাউন্সিল থেকে আমন্ত্রণ পান ময়ূরপঙ্খীর চেয়ারম্যান মো. সুমন রহমান।
দুবাই স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ২৮ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের নানান দেশের ফুটবলার যোগ দেন। তবে মূল আকর্ষণ ছিল জুভেন্টাসের তারকা পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
মো. সুমন রহমান বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ সত্যিই অনেক গর্বের ও আনন্দের। এভাবে লাল-সবুজের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’
এর আগে মো. সুমন রহমান ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ‘ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা’র মাধ্যমে সমাজের অবহেলিত, দুস্থ মানুষের কল্যাণ এবং সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার নিয়ে কাজ করে চলেছেন মো. সুমন রহমান। এসব কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।