দুবাইয়ে ক্ষতিপূরণ পেতে লড়ছেন এক বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে কাজ করার সময় আহত হয়েছিলেন এক বাংলাদেশি বৈদ্যুতিক মিস্ত্রি। এরপর নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ পেতে তিনি প্রায় সাত বছর ধরে আইনি লড়াই করছেন। কিন্তু আজও ক্ষতিপূরণ পাননি।
সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকা গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে ওই বাংলাদেশির নাম শুধু এম কে বলে উল্লেখ করে পত্রিকাটি।
বাংলাদেশি ওই বৈদ্যুতিক মিস্ত্রি জানান, ২০০৮ সালে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি পুরোপুরি সুস্থ আছেন। তাঁর অভিযোগ, ‘চিকিৎসকেরা প্রতারণা করেন। তাঁরা কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছিলেন।’
এরপর ২০১১ সালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান এক তলার ওপর থেকে। এবারও চিকিৎসক জানান, তাঁর তেমন কোনো ক্ষতি হয়নি।
আর সর্বশেষ গত বছরের মার্চে দুবাইতে কাজ করার সময় পড়ে যান দুই মিটার উঁচু মইয়ের ওপর থেকে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে তিনি পড়ে যান এবার।
এম কে জানান, তাঁর এখন বিভিন্ন সমস্য দেখা দিয়েছে। চোখে সবকিছু দুটি করে দেখেন। ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। এ জন্য চিকিৎসকেরা বলেছেন অস্ত্রোপচার করতে। শুধু ঘাড়ের অস্ত্রোপচারের জন্য ৪৬ হাজার দিরহাম প্রয়োজন।
কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতের দারস্থ হয়েছেন এম কে। প্রথমবার আদালত তাঁকে ফিরিয়ে দেন যথাযথ কাগজপত্র দাখিল করতে না পারার কারণে। দ্বিতীয়বার তিনি কাগজপত্র নিয়ে আদালতে গেলে বলা হয়, অনেক দেরি হয়ে গেছে অভিযোগ করতে। তা ছাড়া তাঁর কাগজপত্রে তথ্যে অসামঞ্জস্যতা আছে।
এম কে জানান, দেশে তিনটি সন্তান তাঁর পাঠানো অর্থের ওপরই নির্ভরশীল। এ অবস্থায় ঝুঁকি নিয়ে তিনি এখনো ওই প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন।