সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মানব পাচারে জড়িত সন্দেহে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক গৃহকর্মী নারীকে (৩১) ভালো চাকরির লোভ দেখিয়ে আগের কাজের জায়গা থেকে ভাগিয়ে জোর করে দেহব্যবসায় নিয়োজিত করেন। দুবাইয়ের আল রশিদিয়া এলাকা থেকে ২৮ ও ২২ বছর বয়সী এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের একজন কর্মকর্তা খদ্দের সেজে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাংলাদেশি ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। বছর দেড় আগে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতে আমিরাতের রাজধানী আবুধাবি যান। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই নারীকে ভাগিয়ে নেওয়ার পর তাঁকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করলে তিনি তা অস্বীকার করেন। তখন তাঁকে ১০ দিন একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি যৌনকর্মীর পেশায় জড়িত হতে বাধ্য হন। অভিযুক্ত দুজনকে সম্প্রতি দুবাইয়ের একটি আদালতে হাজির করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। দ্য গালফ নিউজ