দুবাইয়ে বাংলাদেশিসহ ছয় তরুণী পাচার: দুই ভারতীয় ব্যক্তির দণ্ড
দুই বাংলাদেশিসহ ছয় তরুণীকে পাচারের দায়ে গত রোববার দুবাইয়ের একটি আদালত দুই ভারতীয় নাগরিককে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এদের একজন পুরুষ ও অপরজন নারী।‘দ্য কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্স’ ওই দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দিয়ে সাজার মেয়াদ শেষে উভয়কেই স্বদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁরা রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন।গৃহকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে ওই তরুণীদের নিজ নিজ দেশ থেকে দুবাইয়ে পাচার করে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ছিল। তাঁদের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী দুই বাংলাদেশি তরুণী রয়েছেন। বাকি দুজন পাকিস্তানি ও দুজন ভারতীয়। অভিযুক্ত ব্যক্তিরা পাচারের শিকার এই তরুণীদের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে তাঁদের পাসপোর্ট ও ভিসা কেড়ে নেন। সেখান থেকে সরাসরি ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। গত বছর ১৯ জুন অভিযান চালিয়ে পুলিশ পাচারে জড়িত দুজনকে আটক ও তরুণীদের উদ্ধার করে। ইতিপূর্বে বন্দিদশা থেকে তরুণীদের একজন পালিয়ে গিয়ে পুলিশের সহায়তা চান। খালিজ টাইমস অনলাইন।