দুবাইয়ে ভালো গাড়ি চালান বাংলাদেশিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় নাগরিক এবং ভারত ও পাকিস্তানের চালকদের চেয়ে ভালো গাড়ি চালান বাংলাদেশি চালকেরা। চলতি বছরের প্রথম সাত মাসে দুবাইয়ে সড়ক দুর্ঘটনার নথি যাচাই করে এক পরিসংখ্যানে সেখানকার পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এমিরেট২৪/৭ ডটকমের।
পুলিশের ওই পরিসংখ্যানে দেখা গেছে, দুবাইয়ে বাংলাদেশি গাড়িচালকদের কারণে ৩১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। অপরদিকে পাকিস্তানি চালকেরা ১৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন, যাতে মৃতের সংখ্যা ৩৫। আর ভারতীয় চালকদের দুর্ঘটনার সংখ্যা ১৪২ ও মৃতের সংখ্যা ২০। আমিরাতের নাগরিকেরা ১৫৮টি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী, যাতে মৃত্যু হয়েছে ২২ জনের।