তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের ঘনীভূত তেল (কনডেন্সড) চুরির ঘটনায় অভিযুক্ত দুই কর্মচারীকে দুবার বরখাস্ত করেও পুনর্বহাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভাগীয় তদন্ত কমিটি তাঁদের দোষী সাব্যস্ত করলেও রহস্যজনক কারণে সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বহাল করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্ময় প্রকাশ করেছেন।মামলা থেকে জানা গেছে, ২০১২ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গাজীপুরের মাওনা সামিট পাওয়ার প্ল্যান্ট থেকে চালানবিহীন তেল তিতাসের তালিকাভুক্তির বাইরে একটি ট্যাংক লরিতে (ঢাকা-মেট্রো-ন-১২৩৭) তোলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই প্ল্যান্টে কর্মরত পেট্রলম্যান মো. জসিম উদ্দিনের হাত আগুনে পুড়ে যায়। এ ঘটনায় পরের দিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে তেল চুরির ঘটনা ফাঁস হয়ে যায়।এই লরিতে করে ২০০৯ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০১২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬১ লাখ টাকার প্রায় এক লাখ ৮৮ হাজার লিটার তেল চুরির অভিযোগে গত একই সালের ২৬ জানুয়ারি তিতাসের পেট্রলম্যান ফরিদ ও জসিমকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী আখেরুজ্জামান বাদী হয়ে বাংলাদেশ গ্যাস আইন এবং ৩৮০-৩৪ দণ্ডবিধিতে ফরিদ ও জসিমসহ ছয়জনকে আসামি করে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে (শ্রীপুর) মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন লরির চালক শাহীন, আফসার, হারুন ও মনির।এদিকে মামলা চলমান অবস্থায় রহস্যজনকভাবে ২০১২ সালের ৫ এপ্রিল তিতাস গ্যাসের সংস্থাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মমতাজ বেগম স্বাক্ষরিত এক পত্রে ফরিদ ও জসিমকে সাময়িক বরখাস্তের আদেশ ২৫ মার্চ থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। এতে আরও উল্লেখ করা হয়, তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে। পরে ২০১২ সালের ২৮ জুন আদালতে ফরিদ ও জসিম জামিন নিতে গেলে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি এখনো বিচারাধীন।আদালতের আদেশের পর তিতাসের উপমহাব্যবস্থাপক (সংস্থাপন) মমতাজ বেগম ২০১২ সালের ২ সেপ্টেম্বর স্বাক্ষরিত অপর এক পত্রে আইনগত মতামত ও মামলা থাকার কারণে ফরিদ ও জসিমকে পুনরায় ২০১২ সালের ২৫ মার্চ থেকে কার্যকর করে সাময়িক বরখাস্ত করেন।আবার চলতি বছরের ২০ জানুয়ারি মমতাজ বেগম ওই দুই পেট্রলম্যানকে দোষী সাব্যস্ত করেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন এবং অবিলম্বে চাকরিতে যোগদানের নির্দেশ দেন।এ বিষয়ে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ খান বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা চলা অবস্থায় তাঁরা চাকরিতে যোগদান করতে পারেন না।মমতাজ বেগমের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।