দুবার ভিত্তিপ্রস্তর, ছয়বার দরপত্র, অগ্রগতি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড়াই নদের ওপর ৫০৪ মিটার দীর্ঘ কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর কার্যাদেশ বাতিল করা হয়েছে। শুরুর চার মাসের মাথায় কাজ বন্ধ করে দেওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি সেতু নির্মাণে গাফিলতির অভিযোগে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়। সেতু নির্মাণে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ষষ্ঠবারের মতো দরপত্র আহ্বানের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ঢাকার আনোয়ার হোসেন এফইএসএল (জেবি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে ওই সেতুর নির্মাণকাজ ২১ মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল।প্রসঙ্গত, ২০০৬ সালের ২২ অক্টোবর একই স্থানে বিএনপির তৎকালীন সাংসদ সোহরাব উদ্দিন এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সে সময়ও সেতুর কোনো কাজ হয়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সংযোগ সেতুর অভাবে হরিপুর ও কয়া ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে। সেতুটি নির্মাণের দাবিতে এলাকাবাসী প্রায় এক যুগ ধরে আন্দোলন করে আসছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মকর্তা বলেন, এই সেতু নির্মাণের জন্য পাঁচ দফায় দরপত্র আহ্বান করা হয়। গত বছরের মাঝামাঝি সময়ে ষষ্ঠবারের দরপত্রে আনোয়ার হোসেন নামের ওই ঠিকাদার কাজটি পান। সেতু নির্মাণের কোনো অভিজ্ঞতা না থাকায় ভুয়া কাগজপত্র দাখিল করেন তিনি। মূল্যায়ন কমিটি কোনো ধরনের যাচাই-বাছাই না করেই তড়িঘড়ি করে আনোয়ারকে কাজ দেয়।খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছু রড ও কিছু পুরাতন যন্ত্রাংশ নিয়ে এসে ঠিকাদার কাজ শুরু করেন। চার মাসের মাথায় চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে কাজ বন্ধ করে ঠিকাদার চলে যান। অভিযোগের ব্যাপারে ঠািকাদার আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি প্রকৌশলী আলিমুজ্জামান বলেন, কাজ শুরু হতে দেখে হরিপুরবাসীর মনে আশা জাগে। সেই আশা এখন ক্ষোভে পরিণত হয়েছে।এলজিইডির কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কবির বলেন, ঠিকাদারের সেতু নির্মাণের কোনো যন্ত্রাংশ না থাকায় তাঁকে বাতিল করে দেওয়া হয়েছে। সেতু নির্মাণের জন্য নতুন করে নকশা ও প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হচ্ছে। এরপর বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করা হবে। সেতুর কাজ পুনরায় শুরু করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।