
গত বছর পরপর দুবার শামছু বলীর কাছে হারলেন দিদার বলী। লালদীঘি মাঠের আবদুল জব্বারের বলী খেলা ও পয়লা বৈশাখে সিআরবির শিরীষতলা—দুটোতেই শিরোপার মুকুট পরেছিলেন শামছু। এবার সেই হারের জ্বালা মেটালেন দিদার। সিআরবির শিরীষতলায় সাহাবউদ্দিনের বলী খেলায় জয় দিয়ে শুরু করলেন বাংলা বছর।
চট্টগ্রামে বলী খেলা মানেই দিদার আর শামছু বলীর লড়াই। তাঁদের দ্বৈরথ দেখতে ভিড় জমান হাজারো দর্শক। প্রতিবছর দুবার মুখোমুখি হন এই দুই বলী। অবশ্য রামুর দিদার বলী বেশি শিরোপা জিতে এসেছেন। কিন্তু ২০১৬ সালটি খারাপ কেটেছে তাঁর। বড় দুটি আসরে পরাস্ত হয়েছেন উখিয়ার শামছু বলীর কাছে।
গত শুক্রবার সিআরবির শিরীষতলায় বর্ষবরণের অনুষ্ঠানের ফাঁকে চলে বলী খেলা। এবার ছিল বলী খেলার নবম আসর। ব্যবসায়ী সাহাবউদ্দিন চালু করেন এই খেলা।
বলী খেলার জন্য মূল মঞ্চের পাশে বানানো হয় রিং। বেলা আড়াইটা থেকে শুরু হয় খেলা। বলীরা একের পর এক যখন লড়াইয়ে ব্যস্ত, তখন মঞ্চের চারপাশে হাজারো দর্শক উল্লাসে ফেটে পড়েন। এর মধ্যে নতুন মাত্রা যোগ করে কাউন্সিলর জহরলাল হাজারীর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ধারাভাষ্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৭৪ জন বলী খেলায় অংশ নিতে আসেন। কিন্তু বিকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকায় ৫৪ জনকে খেলার সুযোগ দেওয়া হয়। এ খেলার চূড়ান্ত পর্বে শামছুর মুখোমুখি হন দিদারের। খেলার শুরুতে দুই বলীর মধ্যে লড়াইয়ের আভাস থাকলেও মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডেই আসে ফলাফল। রেফারি এম এ মালেক রামুর দিদার বলীকে নবম আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর দিদার বলী বলেন, ‘গত বছর আমার নিজের কিছু সমস্যা ছিল। এ বছর খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খাবারেও ছিল যথেষ্ট হিসাব-নিকাশ। তার ফলাফল হিসেবে সাহাবউদ্দিনের বলী খেলার এই ট্রফি। আশা করছি, জব্বারের বলী খেলার ট্রফিটা আবারও হাতে নিতে পারব।’
তবে পরাজিত হওয়া শামছু বলীও আশাবাদী জব্বারের বলী খেলার শিরোপা ধরে রাখার। শামছু বলী বলেন, ‘ভাগ্য সহায় না হওয়ায় এই ট্রফিটা মিস হয়ে গেল। আরও কয়েক দিন সময় পাচ্ছি। ভালো মতো প্রস্তুতি নিয়ে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আশা করছি, সেই ট্রফিটা হাতছাড়া হবে না।’
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বলী খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক সমাগম ও তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা দেখতে আসা চট্টগ্রাম কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়ুয়া একদল শিক্ষার্থী বলল, গ্রামীণ এই খেলা দেখার সুযোগ তাদের কখনো হয়নি। এবার প্রথম দেখল। বলী খেলার মঞ্চের পাশে কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রীদিপ্তা আচার্যের সঙ্গে। তিনি বলেন, ‘বেলা একটা থেকে বান্ধবীরাসহ ঠাঁই দাঁড়িয়ে ছিলাম বলীর মঞ্চের পাশে। অবশেষে পুরো খেলা উপভোগ করলাম সবাই মিলে।’