দুমকিতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন তাঁর পক্ষের নেতা-কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে খলিলুর রহমানের ওপর হামলাকারীদের শনিবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় রোববার দুমকি উপজেলায় অর্ধদিবস হরতাল পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে সমাবেশে বক্তারা খলিলুরের ওপর হামলার জন্য পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াকে দায়ী করে তাঁকে দুমকিতে অবাঞ্ছিত ঘোষণা করেন।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে দুমকির লেবুখালী ফেরিঘাট এলাকায় খলিলুর রহমানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আহত খলিলুরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চোখে ও পিঠে আঘাত পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার প্রতিবাদে গতকাল সকালে খলিলুরের পক্ষের নেতা-কর্মীরা সিনেমা হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিক্ষোভকারীরা এম এ রব মিয়ার লাগানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। মিছিল শেষে সিনেমা হল চত্বরে সমাবেশ হয়।