দুমকিতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের ব্যবসায়ী জলিল ফকির (৪৭) হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টার দিকে মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারসংলগ্ন সড়কে মিছিল শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেন।গত সোমবার ভোররাতে জলিল ফকিরকে নৃশংসভাবে হত্যা করা হয়।সমাবেশে বক্তব্য দেন মুরাদিয়া ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, তারেক খান, বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বোর্ড অফিস বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, মাছুম বিল্লাহ, মহিবুল্লাহ ও সাইফুল ইসলাম মোল্লা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরগরবদি এলাকার মাছ ব্যবসায়ী জলিল ফকির সোমবার ভোররাতে সেহির খেয়ে পাইকারি মাছ কিনতে বাড়ি থেকে পটুয়াখালী যাওয়ার জন্য চরগরবদি লঞ্চঘাটে যাচ্ছিলেন। পথে কয়েকজন তাঁর ওপর চড়াও হয়। তারা তাঁকে পিটিয়ে, কুপিয়ে ও বাঁ চোখ উৎপাটন করে ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে দুমকি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় নিহত জলিল ফকিরের স্ত্রী রানী বেগম বাদী হয়ে এলাকার রফিক গাজীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে পরদিন মঙ্গলবার দুমকি থানায় একটি হত্যা মামলা করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, মামলার প্রধান আসামি রফিক গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত জলিল ফকির ও রফিক গাজীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।