দুমকিতে যাত্রীবাহী ট্রলারডুবি
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটে গতকাল সোমবার পায়রা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারে অন্তত ২০ জন যাত্রী ও পাঁচটি মোটরসাইকেল ছিল। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠেছে। অন্যদের স্থানীয় লোকজন উদ্ধার করেছে।ডুবে যাওয়া ট্রলারের যাত্রী বরিশালের নতুল্লাবাদ এলাকার শাহজামাল জানান, তিনি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী ফেরিঘাট থেকে ট্রলারে ওঠেন। ট্রলারে দুই শিশুসহ অন্তত ২০ জন যাত্রী ছিল। ট্রলারটি ফেরিঘাট থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে নদীর প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়।দুমকি থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, ডুবে যাওয়া ট্রলারটি প্রায় আধা কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। ডুবুরি দিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারডুবির খবর পেয়ে পুলিশ, র্যাব, দমকল বাহিনীর সদস্যসহ পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান।