দুমকিতে ১৫ প্রার্থীর ১০ জন নির্বাচন করবেন ধার-দানে
পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনজন স্ত্রীর দেওয়া দানের টাকায় নির্বাচন করবেন। এ ছাড়া আরও সাতজন প্রার্থী ধার ও দান নিয়ে নির্বাচনী ব্যয় মেটাবেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাঁচজন নিজ ব্যয়ে নির্বাচন করবেন। প্রার্থীদের মধ্যে একজন নিবন্ধিত করদাতা। নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া ফরমে উল্লিখিত অর্থ প্রাপ্তি ও সম্ভাব্য ব্যয়ের খাত পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মুরাদিয়া ইউপির পাঁচজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মিজানুর রহমান নির্বাচনে ২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি স্ত্রীর কাছ থেকে ৯৬ হাজার টাকা ধার করবেন। আত্মীয়র কাছ থেকে দান হিসেবে নেবেন আরও এক লাখ টাকা। জাতীয় পার্টির প্রার্থী জাফর উল্লাহ নির্বাচনে তিন লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে এক লাখ টাকা তিনি স্ত্রীর কাছ থেকে ধার হিসেবে নেবেন। বিএনপির প্রার্থী তারিকুল ইসলাম নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি এক লাখ টাকা স্ত্রীর কাছ থেকে ধার নেবেন। ইসলামী আন্দোলনের আজিজুল হক ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম নিজ টাকায় নির্বাচন করবেন।
পাঙ্গাশিয়া ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর হোসেন নির্বাচনে চার লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে দেড় লাখ টাকা তিনি ধার ও দান হিসেবে গ্রহণ করবেন। বিএনপির প্রার্থী এফ এম আনোয়ারুল হক নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর চার লাখ টাকাই তিনি দান হিসেবে নেবেন। স্বতন্ত্র প্রার্থী বজলুর রহমান তালুকদার নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। তিনি তিন লাখ টাকা ধার ও দান হিসেবে গ্রহণ করবেন। স্বতন্ত্র প্রার্থী নার্গিস পারভীন ও নজরুল ইসলাম নিজেদের টাকায় ভোট করবেন।
আঙ্গারিয়া ইউপির পাঁচজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের রেজাউল হক নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি ২ লাখ ধার নেবেন এবং ২ লাখ ৫০ হাজার টাকা দান হিসেবে গ্রহণ করবেন। বিএনপির প্রার্থী আহসান ফারুক ব্যয় করবেন চার লাখ টাকা। এর মধ্যে এক লাখ টাকা তিনি ধার করবেন। জাতীয় পার্টির সুলতান আহমেদ হাওলাদার তাঁর নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকার মধ্যে সাড়ে চার লাখ টাকা দান হিসেবে নেবেন। জাসদের প্রার্থী আমিনুল ইসলাম খোকন নির্বাচনে দুই লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে এক লাখ টাকা তিনি দান নেবেন। ইসলামী আন্দোলনের আ. হান্নান নিজ টাকায় নির্বাচন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ইউপি নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন। প্রার্থীরা যাতে অতিরিক্ত টাকা ব্যয় না করতে পারেন, সে জন্য নির্বাচন মনিটরিং কমিটি সাধ্যমতো চেষ্টা করছে।