দুমকীতে আ.লীগের ১১ নেতাকে বহিষ্কার
জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলামসহ ১১ জন নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ মার্চ সকালে দুমকী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত অপর ১০ জন হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহ আলম, আইনবিষয়ক সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জালাল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক জমাদ্দার, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী খলিলুর রহমান, সদস্য আবদুল হক তালুকদার, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী জাকির হোসেন।
দলীয় সূত্র জানা গেছে, সকাল ১০টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সিকদার। সভায় দল-সমর্থিত প্রার্থী শাহজাহান সিকদারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াত-সমর্থিত ১৯-দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবদুল ওহাবের পক্ষে অবস্থান নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ওই ১১ জনকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ তালুকদার বলেন, যাঁদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরা জামায়াতের প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে দল-সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করছেন। এই অবস্থায় জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে সভা করে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য তা জেলা কমিটির নেতাদের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলাম দাবি করেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।