দুমুঠো ভাতের সংগ্রাম

খুব অল্প বয়সে পেট্রলবোমা হামলায় স্বামী হারান ইয়াসমিন বিজলী। বাঁচার তাগিদে উঠেছেন গ্রামে দরিদ্র বাবা ইয়াসিন আলীর বাড়িতে। মাটির দেয়াল ও টিনের ছাপরার একটিমাত্র ঘর সেটি। এ ঘরেই দুপাশে দুই চৌকি ফেলে স্ত্রী এবং আরও দুই ছেলে-মেয়ে নিয়ে বাবার কষ্টের সংসার।
এরই মধ্যে মাত্র তিন মাসের শিশুকে নিয়ে স্বামীহারা মেয়েটি বাড়িতে ওঠায় ইয়াসিন আলীর এখন রাত কাটছে ঘরের পাশেই বানানো বাঁশের মাচায়। আর সকাল হলে এতগুলো মানুষের পেটের ভাত জোগানোর চেষ্টায় ছুটছেন শহরে। অনাহারী ইয়াসমিনও অবুঝ শিশুসন্তানটিকে ভাতের মাড় খাওয়াচ্ছেন। এভাবেই চলছে বাবা-মেয়ের বেঁচে থাকার সংগ্রাম।
ইয়াসমিনের মতো এভাবে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার টুকরো গল্প বগুড়ায় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় নিহত শ্রমজীবী মানুষের প্রায় সবার পরিবারেরই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলোর দিন কাটছে অর্ধাহার-অনাহারে; শঙ্কায় আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। সরকারিভাবে বড় অঙ্কের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হলেও তা আটকে আছে আশ্বাসেই।
শাজাহানপুর উপজেলার বেজোড়া শ্যামলাগাতী গ্রামের ইয়াসমিনের স্বামী ট্রাকচালকের সহকারী হাসিবুল ইসলাম চলতি অবরোধে গত ৭ ফেব্রুয়ারি বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা হামলায় মারা যান। দুই মাস কেটে গেলেও ইয়াসমিনের কপালে জোটেনি কোনো সাহায্য।
ইয়াসমিন বলেন, ‘কোলে দুধের শিশু। বাবার সংসারের করুণ অবস্থা। ঠিকমতো খাবার জোটে না। এখন গরিব বাবা না পারছেন ফেলে দিতে, না পারছেন খাবার জোটাতে। একটা টাকাও সরকারি সাহায্য পাইনি।’
সরকারি হিসাবে হরতাল-অবরোধে গত তিন মাসে বগুড়ায় পেট্রলবোমা হামলায় মারা যান পাঁচজন। চারজনই ট্রাকচালকের সহকারী ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এ হিসাবের বাইরে আরও এক ট্রাকচালক নিহত হয়েছেন।
পানবাহী ট্রাকে হামলায় ৫ ফেব্রুয়ারি বগুড়ার বেলাইল এলাকায় প্রাণ হারান ট্রাকচালকের সহকারী ইমরান হোসেন। এ কাজ করেই নিজের ও চার ভাইবোনের পড়াশোনার খরচ জোগাতেন। পড়তেন শেখপাড়া ডি এম কলেজে স্নাতক শ্রেণিতে। তাঁর ভাই রকি হাসান জানান, ইমরানের মৃত্যুর পর কোনো সাহায্য মেলেনি তাঁদের। প্রায় দিনই উপোস থাকতে হয়। এতগুলো ভাইবোনের পড়াশোনাও এখন অনিশ্চিত।
শিবগঞ্জের বন্তেঘড়ি গ্রামের ক্ষুদ্র পান ব্যবসায়ী শহীদুল ইসলামের আয়ে স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ চলত। ৫ ফেব্রুয়ারি পানবাহী ট্রাকে হামলায় মারা যান তিনি। স্ত্রী সাবিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আছে ছয় বছরের আরেকটি শিশু।
২২ জানুয়ারি বগুড়ার নুনগোলায় আসবাববাহী ট্রাকে হামলায় মারা যান ট্রাকচালকের সহকারী আবদুর রহিম। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্রীরামপুর গ্রামে। এখনো কোনো সরকারি সাহায্য পাননি তাঁরা।
কাহালুর নিশ্চিন্তপুর গ্রামে বাড়ি ট্রাকচালকের সহকারী জাহাঙ্গীর আলমের। স্ত্রী ও দুই শিশুসন্তানকে রেখে মারা গেছেন তিনি। ২৩ জানুয়ারি বগুড়া শহরের চার মাথায় বোমা হামলায় দগ্ধ হয়েছিলেন তিনি ও ভগ্নিপতি মাসুদার রহমান। ২৭ ফেব্রুয়ারি মারা যান জাহাঙ্গীর। ভগ্নিপতি এখনো লড়ে যাচ্ছেন। জাহাঙ্গীর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকাকালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকার বিশেষ আর্থিক সহায়তার চেক পেয়েছেন। এই টাকা ভেঙেই আপাতত সংসার চলছে তাঁর পরিবারের।
ওদিকে ১০ জানুয়ারি বগুড়ার চণ্ডীহারা এলাকায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে আহত হন চালক নাটোরের গুরুদাসপুরের ইমাদুর রহমান। পরদিন ঢাকা মেডিকেলে মারা যান তিনি। ঘটনার পর থেকেই পুলিশ বলে যাচ্ছে, এটি নিছক দুর্ঘটনা। সহায়তা জোটেনি তাঁর পরিবারেও।