দুম্বার মাংস ভাগ-বাটোয়ারার অভিযোগ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস গত বুধবার বিতরণ করা হয়েছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুস্থদের মধ্যে এ মাংস বিতরণ না করে নিজেরাই ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী সাজ্জাদ হোসেন মৃধা জানান, এ বছর সৌদি সরকারের দেওয়া প্রতিটি ১২ কেজি ওজনের মোট ৫০ কার্টন দুম্বার মাংস উপজেলায় এসেছে। এর মধ্যে সদর ইউনিয়নে ১৯ কার্টন, গাজীরটেক ১৫ কার্টন, চর হরিরামপুর ১১ কার্টন ও চর ঝাউকান্দা ইউনিয়নে পাঁচ কার্টন বরাদ্দ দেওয়া হয়েছে।অভিযোগ রয়েছে, দুম্বার মাংস স্থানীয় তিনটি মাদ্রাসায় এক কার্টন করে দিয়ে বাকি ৪৭ কার্টন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নেওয়ার পর ইউপি সদস্যরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মৃধা বলেন, ‘ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুম্বার মাংস রেখে আমি খাদ্যগুদামে ভিজিএফের গম ওঠাতে গিয়েছিলাম। ফিরে এসে অফিসে কোনো মাংস পাইনি।’