দুরন্ত, চঞ্চল সিডরের বয়সও ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবুল হাসান সিডর
সাকিবুল হাসান সিডর

ছেলেটি দুরন্ত, চঞ্চল। সব সময় এদিক-সেদিক ছুটে চলে। যখন কেউ নাম ধরে ডাকে তখন পরিবার, সহপাঠী কিংবা প্রতিবেশীরা একটু হলেও ভয়ে শিউরে ওঠে। খানিকক্ষণের জন্য হলেও মনে পড়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের কথা।

শিশুটির নামও সিডর। ভয়াল সেই ঝড়ের সময় জন্ম নেওয়ায় এই নাম রাখা হয় তার। ওর বয়সও ১৫ নভেম্বর ১০ বছর হলো। সে উত্তর রানীপুর জামালুল কুরআন কিন্ডারগার্টেন নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানের খাতায় তার নাম সাকিবুল হাসান সিডর।

জানতে চাইলে মাদ্রাসাটির শিক্ষক মো. আল আমিন আকন প্রথম আলোকে বলেন, সিডর পড়াশোনায় খুবই ভালো। তবে স্থির থাকে না। দুরন্তপনায় শিশুটির নাম সার্থক হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। সেই আঘাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দেউলী সুবিদখালীর পায়রাতীরের গ্রাম উত্তর রানীপুর লন্ডভন্ড হয়ে যায়। উপজেলায় ১১৬ জন প্রাণ হারায়। শুধু দেউলী সুবিদখালী ইউনিয়নেই প্রাণ হারায় ৪৬ জন। ক্ষয়ক্ষতিও ছিল অনেক।

সেই উত্তর রানীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান। ১০ বছর আগে স্ত্রী মাহমুদা বেগম আর তার সাত বছরের ছেলে সজীব রহমানকে নিয়ে ছিল তাঁর সংসার। সিডরের রাতে মাহমুদার কোলজুড়ে আসে আরেক সন্তান। তার নাম রাখা হয় সাকিবুল হাসান। তবে ছেলেটি বেড়ে ওঠে সিডর নামে। শুধু নামের কারণেই তার পরিচিতি এখন ইউনিয়নজুড়ে।

দুঃসহ সেই স্মৃতি হাতড়ে মাহমুদা বেগম বলেন, সেদিন সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছিল। পরিবেশের সঙ্গে শরীরটাও খারাপ যাচ্ছিল। ভাবছিলেন, ঝড়ের কারণে হয়তো এমন লাগছে। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। সজীবের বাবা আশ্রয়কেন্দ্রের খোঁজে বের হন। ঘুটঘুটে অন্ধকার রাতে সজীবকে বুকে আগলে ঘরের এক কোণে আতঙ্কে সময় কাটছিল। অপেক্ষায় ছিলেন কখন সজীবের বাবা ঘরে ফিরবেন।

সিডরের মা বলেন, রাত তখন আনুমানিক সাড়ে নয়টা হবে। প্রচণ্ড ঝড়ে গাছ উপড়ে ছোট টিনের ঘরের ওপর পড়ে। ঘরের যে কোণে তাঁরা ছিলেন, তার বিপরীত অংশ বিধ্বস্ত হওয়ায় মা-ছেলে বেঁচে যান। হু হু করে পানি বাড়তে থাকে। একসময় ঘরের ভেতর ঢোকে পানি। এর মধ্যেই সজীবের বাবা ফিরে জানালেন, আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই।

মাহমুদা আরও বলেন, তখন চারদিকে থই থই পানি। ঘন অন্ধকার। রাস্তায় গাছ উপড়ে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাঁর স্বামী বাগান থেকে কয়েকটি কলাগাছ নিয়ে এলেন। একত্রে বেঁধে অনেকটা ভেলার মতো করে তৈরি করলেন। সেই ভেলায় সজীব উঠল। আর মাহমুদা ভেলা ধরে ঝুলে রইলেন। এভাবে ভেলায় ভেসে প্রায় আধা কিলোমিটার দূরে চরখালী গ্রামে বাবার বাড়িতে আসেন তাঁরা। রাত তখন সাড়ে ১২টা। এমনই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে তাঁর কোলজুড়ে আসে সন্তান।

মিজানুর রহমান বলেন, ‘সিডরের সময় জন্ম নেওয়ায় পারিবারিক সম্মতিতে ছেলের নাম রাখি সিডর। সেদিনের ঝড়ে ঘরের ওপর গাছ যেভাবে উপড়ে পড়েছিল, তাতে স্ত্রী-সন্তানের বেঁচে থাকার কথা নয়। কিন্তু সৃষ্টিকর্তা ওদের বাঁচিয়ে রেখেছে। সবার ধারণা, দুর্যোগের রাতে জন্ম নেওয়ায় অনেকটা সিডরের মতোই ছেলেটির আচরণ।’