দুরন্ত রাফিনকে তালিম দিতে পায়ে শেকল
মাদ্রাসার টিনশেডের একটি কক্ষে থামের সঙ্গে শেকল পরিয়ে রাখা হয়েছে ছেলেটিকে। সামনে একটি জানালা। ওই জানালা দিয়ে সে বাইরের পৃথিবী দেখে। ছেলেটির নাম রাফিন। বয়স ছয় কি সাত। দুরন্ত বলে সাত-আট দিন ধরে তাকে এভাবে আটকে রাখা হয়েছে।ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় মিহিউস সুন্নাহ জামেয়া আরাবিয়া মাদ্রাসা নুরানি মক্তব ও হেফজখানার ছাত্র রাফিন। ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র সদর উপজেলার ভাসানচর গ্রামের রনি বলে, ‘আমাদের প্রতিদিন রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হয়। উঠতে হয় ভোর সাড়ে চারটায় ফজরের নামাজের আগে। এ সময়টুকু ছাড়া রাফিনকে সারা দিন বেঁধে রাখা হয়। টয়লেটে যেতে হলেও শেকল পরেই যেতে হয়।’মাদ্রাসার পাশেই থাকেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান। তিনি জানান, রাফিনের মাদ্রাসার নাম আল-আমিন। তাকে সারা দিন আটকে রাখা হয়। সুযোগ পেলেই মাদ্রাসা থেকে প্রায় তিন শ গজ দূরে চাঁনমারী চকে বাড়িতে চলে যায় সে। কথা বলতে গেলে রাফিনের চোখ বেয়ে পানি নামে। সে মুক্তি চায়। অন্য সবার মতো ছুটে বেড়াতে চায়। আক্ষেপ করে ছোট্ট ছেলেটি জানায়, মাদ্রাসার অধ্যক্ষ অন্য ছাত্রদের সঙ্গে পাশের ঈদগাঁ মাঠে বিকেলে ফুটবল খেলেন। কিন্তু তাকে বন্দী থাকতে হয়।রাফিনের বাবা আক্কাস হোসেন (৪৫) রিকশা চালান। আক্কাস-হাসিনা বেগম দম্পতির দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রাফিন মেজো। বড় মেয়ে মরিয়ম (১৩) ও ছোট মেয়ে মারিয়া (৩)। তিন শতাংশ জমির ওপর তাঁদের ছোট কুঁড়েঘর। হাসিনা বেগম বলেন, ‘একমাত্র ছেলে রাফিন। ওকে মানুষ করতে চাই। তাই মাদ্রাসায় দিয়েছি। ও খুব দুরন্ত প্রকৃতির। পড়াশোনা করতে চায় না। গত রোজার ঈদের পর ওকে ওই মাদ্রাসায় দিয়েছি। জানি, ওকে শেকল দিয়ে বেঁধে রাখে। মানুষ করার জন্য এতটুকু কষ্ট মেনে নিতে হয়েছে। প্রতিদিন বাড়ি থেকে তিনবেলা ওর খাবার পাঠানো হয়।’মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ছাড়া পেলে আল-আমিন পালিয়ে বাড়িতে চলে যায়। এ জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। বারবার পালিয়ে যাওয়ায় বেঁধে রাখা ছাড়া কোনো উপায় থাকে না।’