দুরন্ত সিডর এখন স্কুলে যায়
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের রাতে জন্ম হয়েছিল তার। ঝড়ের নামে বাবা-মা তরে নাম রেখেছিল সিডর। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল সে। এখন শিশু শ্রেণীর ছাত্র।মংলা উপজেলার চিলা গ্রামের বাসিন্দা পিংকী ইজারদার বলেন, ঘূর্ণিঝড় সিডরের রাতে মংলার চিলা এলাকার সেন্ট মেরিস গির্জাসংলগ্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন অন্তঃসত্ত্বা সাথী সরকার। ঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাথীর প্রসব যন্ত্রণাও বাড়তে থাকে। ভোররাত চারটার সময় ওই আশ্রয়কেন্দ্রে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। বাবা-মা ও পরিবারের সদস্যরা শিশুটির নাম রাখেন সিডর সরকার।সিডরের দাদি রিভা সরকার (৫৫) বলেন, সিডর ভূমিষ্ঠ হওয়ার পর ঝড় থেমে যায়। কিন্তু দারিদ্র্যের ঝড় মাথায় নিয়েই সিডরকে এগিয়ে যেতে হচ্ছে। সে এখন তার দাদা-দাদির কাছেই বড় হচ্ছে। তাকে স্থানীয় দিশারী ফ্রি স্কুলে ভর্তি করা হয়েছে। সিডরের বাবা জর্জি সরকার ও মা সাথী বর্তমানে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করছেন। তাঁরা যে টাকা পাঠান তা দিয়ে সংসার চালানো কষ্টকর হওয়ায় সিডরের দাদা রঞ্জিত সরকার দিনমজুরের কাজ করেন। এই দিয়ে কোনো রকমে চলছে তাঁদের সংসার।সিডরের নানি পিপালী বিশ্বাস বলেন, দুই বছর ধরে সিডর কানের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। কিন্তু টাকার অভাবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। প্রকৃতির চরম রুদ্ররোষের দিনে জন্ম নেওয়া সিডর যেন প্রকৃতির সেই দুরন্তপনাকে সঙ্গে নিয়ে বেড়ে চলেছে।দিশারী ফ্রি স্কুলের শিক্ষিকা সুমা সরকার বলেন, সিডর অসম্ভব মেধাবী এবং অত্যন্ত দুরন্ত। সিডরকে সঠিক পরিবেশে শিক্ষার ব্যবস্থা করতে পারলে সে অনেক দূর এগিয়ে যাবে।সিডরের পরে অনেকে শিশু সিডরকে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু পরে কেউ তাকে সহযোগিতা করেনি। শুধু প্রথম আলোর পক্ষ থেকে প্রতিবছর সিডরের জন্মদিনে তাকে কিছু টাকা দেওয়া হয়।