দুরবিন দিয়ে তালাশ করেও প্রমাণ পাওয়া যাবে না: নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘যাঁরা যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু নিয়ে মাতামাতি করেন, তাঁরা দেশের সমস্যাকে সমস্যা মনে করেন না। সমস্যা সমাধানের যোগ্যতা তাঁদের নেই বলেই তাঁরা এই বিষয়কে সামনে এনেছেন। আমার পূর্ণ আস্থা আছে, দুরবিন দিয়ে তালাশ করেও মানবতাবিরোধী কোনো অপরাধের সঙ্গে আমাদের দলের কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না।’জামায়াতের জনসংযোগ অভিযান উপলক্ষে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজামী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দেওয়ার জন্য বাদী ও সাক্ষী তালাশ করা হচ্ছে। লোভ-লালসা ও ভয় দেখানো হচ্ছে। তারপরও মামলা দায়ের সহজ হচ্ছে না। তিনি দাবি করেন, জামায়াতের আসল অপরাধ তারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে আছে। দ্বিতীয় অপরাধ, জামায়াত প্রতিবেশী একটি রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে কয়েকটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকেরা জামায়াত নেতাদের নানা পরামর্শ দেন।