
কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সাংসদ ও রাষ্ট্রপতির বড় ছেলে। এদিকে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে নেত্রকোনায়।
এ ছাড়া হাওরের হাজার কোটি টাকার ফসলহানির প্রতিবাদ ও ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে ‘দুর্নীতির’ সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) লোকজনের শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে।
কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে। গতকাল সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
আগের দিন মঙ্গলবার হাওরাঞ্চল ঘুরে মিঠামইনের আতপাশা এলাকায় এম এ গণি ভূঁইয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষকদের এক সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কিশোরগঞ্জ হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার প্রয়োজন হবে না। এটা রাষ্ট্রপতির এলাকা। তাঁর নির্দেশে সরকার সবকিছু করবে। যত দিন ঘরে ধান না উঠবে, তত দিন খাবার সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, একটি মানুষকেও না খেয়ে মরতে দেওয়া হবে না। কাজেই হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার প্রয়োজন নেই।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, এ জেলার ৯৩টি হাওরের মধ্যে ৩৫টি তলিয়ে গেছে। ৩৩ হাজার হেক্টর জমির ধান পানির নিচে। এতে ৫০ হাজারের বেশি কৃষকের হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। একদিকে পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়া, অন্যদিকে ব্যাংকঋণ, এনজিও ঋণ, মহাজনি ঋণসহ সর্বপ্রকার ঋণের বোঝা নিয়ে এলাকার মানুষ শরণার্থীর মতো পালিয়ে বেড়াচ্ছেন। তা ছাড়া অকাল বন্যায় গো-খাদ্যসহ নানা সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা জরুরি।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সুনামগঞ্জে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তাঁরা পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি অঞ্জন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, এবার পয়লা বৈশাখে তাঁরা সুনামগঞ্জে উৎসবের বদলে প্রতিবাদী অনুষ্ঠান করবেন। সকালে কালো ব্যাজ ধারণ করে সুনামগঞ্জের সব সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে।
বেলা ১১টায় একই স্থানে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুনামগঞ্জ জেলা শাখা। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. মফচ্ছির মিয়া, জেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সদস্যসচিব বিন্দু তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাউবো, ঠিকাদার ও পিআইসির সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণে হাওরে হাজার কোটি টাকার ফসলহানি ঘটেছে। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তাহলে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি বন্ধ হবে।
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তাপাড়া এলাকায় পৌর কার্যালয়ের সামনের সড়কে ‘খালিয়াজুরি সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ’ নামের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন মেন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হাকিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, খালিয়াজুরির কৃষক শ্যামল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ রক্ষণাবেক্ষণে পাউবোর অনিয়ম, গাফিলতির কারণে কৃষকদের সারা বছরের চলার একমাত্র এ ফসল হারাতে হয়েছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি পাঠানো হয়।
পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, পাউবোর বিরুদ্ধে এমন অভিযোগ ঠিক নয়। অল্প বরাদ্দ আসে, তাও আবার পেতে সময় চলে যায়। আর কাজ সঠিক নিয়মেই হয়েছে। আগাম পানি চলে আসায় ঠিকাদারের মাধ্যমে করা কিছু কাজ বাকি আছে।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং নেত্রকোনা ও কিশোরগঞ্জ প্রতিনিধি}