দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোয়ানুর আঘাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে মৎস্যঘের ও লবণের মাঠ ভেসে গেছে। ভেঙে গেছে ঘরবাড়ি, সড়ক। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক জায়গায় জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে তিন ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও দুর্গত মানুষেরা।
গতকাল সোমবার দুপুরে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, উপকূলীয় বেড়িবাঁধের কাকপাড়া এলাকা দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ও সড়ক। পানিতে একাকার হয়ে আছে মৎস্যঘের ও লবণমাঠ। নৌকায় চলাচল করছেন লোকজন।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউনিয়নের ৩০ কিলোমিটার বেড়িবাঁধের ১৮ কিলোমিটার সম্পূর্ণ ও ৭ কিলোমিটার আংশিক বিধ্বস্ত হয়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ২১টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২ লাখ মণ লবণ পানিতে তলিয়ে গেছে। ৮০০ একর মৎস্যঘের ভেসে গেছে। ৮০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ১ হাজার ঘরের বাসিন্দারা ঝুঁকি নিয়ে ভাঙা ঘরে বসবাস করছে। এ অবস্থায় দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ তৎপরতা না বাড়ালে এলাকার মানুষ না খেয়ে মরবে।
মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, তাঁর ইউনিয়নের এক হাজার ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার একর মৎস্যঘের পানিতে তলিয়ে গেছে। দুই কোটি টাকার লবণ ভেসে গেছে। ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে পড়ে। ১৮টি গ্রামে জোয়ার-ভাটা চলছে। তাঁর প্রশ্ন—আর কত ক্ষতি হলে সরকার এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করবে?
রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, রাজাখালীর তিনটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ৩০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।