দুর্গত এলাকা ঘোষণার দাবি
কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে গত সোমবার পানি বেড়েছে। ইটনা ও মিঠামইন উপজেলার বিস্তীর্ণ ধানিজমিতে এখনো অথৈ পানি। অনেক ক্ষেত্রে বুঝে ওঠার উপায় নেই, এখানে ধানের জমি ছিল। কৃষিশ্রমিক সংকটের কারণে অবশিষ্ট আধাপাকা বোরোধান কাটার লোকও পাওয়া যাচ্ছে না।ইটনা সদরের কৃষক আইয়ুব আলী (৫০) জানান, ধান কাটতে বাইরে থেকে আসা শ্রমিকদের অর্ধেকই পানি দেখে চলে গেছে। যারা আছে তাদেরও খুঁজে বের করতে হয়। ফলে আধাপাকা ধান কাটতে সময় লাগছে। ইটনা উপজেলার ভাইস চেয়ারম্যান দারুল ইসলাম বলেন, অভাবের তাড়নায় এ এলাকার মানুষ এখনই কাজের সন্ধানে ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল আবছার বলেন, এ উপজেলায় চাষ হওয়া ২৯ হাজার ৭৫০ হেক্টর জমির অর্ধেকই তলিয়ে গেছে। বাদবাকি জমিও হুমকির মুখে। জরুরিভিত্তিতে এই এলাকাকে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা দরকার।ইটনা উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘কৃষকদের যে ক্ষতি হয়েছে এতে তাদের সারা বছর না খেয়ে থাকতে হবে।’ তাই অবিলম্বে এ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা না করলে এখানকার কৃষকেরা বাঁচবে না।মিঠামইন উপজেলার চেয়ারম্যান কামরুল আহসান তাঁর উপজেলাকেও দুর্গত এলাকা ঘোষণর দাবি করে বলেন, ‘আমার এলাকায় চাষ হওয়া ১৭ হাজার ৪০৮ হেক্টর জমির অর্ধেকই পানিতে তলিয়ে গেছে। তাই আগামী বছর কৃষকদের বোরো আবাদের স্বার্থে বর্তমান কৃষিঋণ সম্পূর্ণ মওকুফের দাবি জানাচ্ছি।’