হাকালুকি হাওরপারের দরিদ্র হাজার হাজার কৃষক চরম অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। অকালবন্যায় তাঁদের বোরো ফসল তলিয়ে গেছে। দীর্ঘ জলাবদ্ধতায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত সরকারি সাহায্য তাঁরা পাননি। এ অবস্থায় দুর্গত এলাকায় রেশনিং চালু ও কৃষিঋণ মওকুফ করতে হবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় কৃষক সমিতির এক সমাবেশে বক্তারা সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন।বিকেল সাড়ে পাঁচটায় মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও এইচ এম আলাউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থানীয় ভূকশিমইল ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি এম এ অদুদ, সাধারণ সম্পাদক আবু লেইছ, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবদুল মালিক, আপ্তাব উদ্দিন আহমদ প্রমুখ। রাত প্রায় আটটা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বক্তারা বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং মূল নদীর মোহনায় ইটভাটার খোয়া ফেলে রাখার কারণে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।