দুর্গত মানুষদের পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে গতকাল আঞ্চলিক হাওর কনভেনশনের উদ্বোধন করেন সাবেক এমএনএ সাদির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম l প্রথম আলো
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে গতকাল আঞ্চলিক হাওর কনভেনশনের উদ্বোধন করেন সাবেক এমএনএ সাদির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম l প্রথম আলো

‘আসুন বিপন্ন হাওরবাসীর পাশে দাঁড়াই’ স্লোগান সামনে নিয়ে নেত্রকোনায় ‘আঞ্চলিক হাওর কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমএনএ সাদির উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

হাওর কনভেনশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনেরযুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি আনিসুর রহমান খান, লে. কর্নেল (অব.) আব্দুর নূর খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল্লাহ হক, ’৯০–এর গণ–আন্দোলনের অন্যতম নেতা ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান মুক্তাদির, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লাকি আক্তার, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, আয়োজক কমিটির সদস্যসচিব খানে আলম খান প্রমুখ।

এর আগে ‘হাওর বাংলার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার।

বক্তারা সাম্প্রতিক অকালবন্যায় বিপন্ন হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে দুর্গত মানুষদের বাঁচিয়ে রাখতে দ্রুত জলমহালের ইজারা প্রথা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, স্বল্পমূল্যে রেশন চালু, সব ধরনের ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ করে আগামী ফসল উৎপাদনের জন্য সুদবিহীন ঋণ বিতরণ, ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী-নালা ও খাল-বিল খনন, হাওরের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মওকুফসহ শতভাগ উপবৃত্তি চালু, শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুর্নীতি, স্বজনপ্রীতি, পেশিশক্তির দাপট বন্ধসহ বিভিন্ন দাবি জানান।

নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার হাওরাঞ্চলের কিষান-কিষানি, শ্রমিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, পরিবেশ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সমাজচিন্তক, মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদেরা এ কনভেনশনে অংশ নেন।