বান্দরবানের লামা উপজেলায় পানি নেমে যাওয়ায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির্। তবে উপদ্রুত এলাকায় খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন বন্যা দুর্গত মানুষজনের জন্য ১৫ মেট্রিকটন খাদ্য বরাদ্দ দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় লামা উপজেলার লামা সদর, গজালিয়া, রূপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ৯ হাজার ৭৫০ জন ও লামা পৌরসভায় ১৬ হাজার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিন ইউনিয়নে ২১ কিলোমিটার সড়ক ও পৌরসভায় ১১ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ৭৫ হেক্টর শস্যখেত ও বীজতলা নষ্ট হয়। এ ছাড়া ক্ষতি হয় ৯টি ধর্মীয় প্রতিষ্ঠান ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের।
বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা লামা উপজেলার বন্যা দুর্গত লোকজনের জন্য ৫ মেট্রিক টন এবং গতকাল বৃহস্পতিবার ১০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়। পৌরসভা, লামা সদর ইউনিয়ন, ফাঁসিয়াখালী, গজালিয়া ও রূপসীপাড়া ইউনিয়নের দুর্গত মানুষের জন্য এই বরাদ্দ দেওয়া হয়। তবে খাদ্য বিভাগ চালের পরিবর্তে গম দিতে চাইলে জনপ্রতিনিধিরা এই গম নেননি। দুর্গত মানুষজনের মাঝে জনপ্রতিনিধিরা নিজ উদ্যোগে চাল দিয়েছেন।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, গত ১৮ জুন টিআর এবং জিআর খাতে চালের পরিবর্তে আনুপাতিক হারে গম সরবরাহের নির্দেশনা দিয়েছে সরকার। তবে গতকাল আবার চাল বিতরণের নির্দেশ আসে। যতটুকু পারা যায় চাল দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বলা হয়েছে।
বান্দরবান জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, চালের পরিবর্তে গম দেওয়ার জন্য গত ১৮ জুন খাদ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে আমাদের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসারে আমরা গম দিতে চেয়েছি। তবে গতকাল (বৃহস্পতিবার) রাতে বন্যা দুর্গতদের জন্য চাহিদাপত্র (ডিও) অনুযায়ী চাল দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাচিং প্রু মারমা প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসন রূপসীপাড়া ইউনিয়নে ১ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়। কিন্তু আমি চালের ডিও নিয়ে খাদ্য অফিসে গেলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক চাল না দিয়ে গম দেওয়ার চেষ্টা করেন। আমি তা না নিয়ে চলে আসি। নিজ উদ্যোগে বাজার থেকে চাল কিনে ১০ কেজি করে ১ শত পরিবারকে চাল বিতরণ করেছি। গম দুর্গত মানুষজনের কাজে লাগবে না। একমাত্র চালই তাৎক্ষণিকভাবে খাওয়ার উপযোগী।’
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে গত ৪ জুলাই দুর্গতদের জন্য ৫ মেট্রিক টন চালের ডিও পাঠায়। আমরা তাৎক্ষণিকভাবে লামা পৌরসভাকে ২ টন, রূপসীপাড়া ইউনিয়নকে ১ টন, ফাঁসিয়াখালী ইউনিয়নকে ১ টন, গজালিয়া ইউনিয়নকে ৫ শ কেজি, লামা সদর ইউনিয়নকে ৫ শ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ দিয়েছি।’