দুর্গতদের পাশে বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

গত মঙ্গলবার ভোরে পাহাড়ধসে মা-বাবা ও দুই ভাইবোনকে হারান রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের বড়বিলী পাড়ার লাকি আক্তার। শ্বশুরবাড়িতে থাকায় প্রাণে রক্ষা পান তিনি। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাঁর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

লাকি আক্তারের মতো পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাহায্যের এই উদ্যোগে যুক্ত হয়েছেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা। গতকাল রাঙামাটি এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিল থেকে এই ত্রাণসামগ্রী িবতরণ করা হয়। গতকাল পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার জন্য সামিট গ্রুপ ত্রাণ তহবিলে দুই লাখ টাকা দিয়েছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে সামিট গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ফায়সাল করিম খান দুই লাখ টাকার এই চেক তুলে দেন।

গতকাল দুপুরে রাঙ্গুনিয়ার ইসলামপুর ও রাজানগর ইউনিয়নে ৩০ পরিবার ও বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ও চিৎমরম এলাকার ৩০ পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়। গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাঙামাটির শিমুলতলী এলাকায় ৫০ পরিবারের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়।

মাটি ধসে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে তিন দিন ধরে। এ জন্য বন্ধুসভার সদস্যরা কাপ্তাইয়ের জেটি ঘাট থেকে নৌপথে ত্রাণ নিয়ে রাঙামাটির সদরে পৌঁছান গতকাল সন্ধ্যা সাতটার দিকে। এরপর ত্রাণসামগ্রী হাতে বন্ধুরা পৌঁছে যান রাঙামাটি সদরের শিমুলতলী এলাকায়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি তিন কেজি চিড়া, এক কেজি গুড়, এক কেজি মুড়ি, এক বাক্স ওরস্যালাইন, এক প্যাকেট বেলা বিস্কুট ও পাঁচ লিটার পানি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের টেকপাড়ার শাহীনা বেগমের হাতে গতকাল দুপুরে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। তা হাতে পেয়ে কেঁদে ফেলেন তিনি। প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে শাহীনা বলেন, সন্তানদের নিয়ে খুবই অসহায় অবস্থার মধ্যে দিন পার করছিলেন। পাহাড়ধসে ঘরবাড়ি চাপা পড়েছে। এক কাপড়ে কোনোরকম ঘর থেকে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন। এর মধ্যে খাবার সমস্যাও প্রকট হয়ে ওঠে। এই ত্রাণসামগ্রী তাঁদের অনেক বড় উপকারে আসবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম জেলার সভাপতি ফাহিম উদ্দিন, সহসভাপতি শিহাব জিশান, সাধারণ সম্পাদক জাকিয়া কবির, সহসাধারণ সম্পাদক অদিতি মজুমদার ও বন্ধুসভার সদস্যরা।