দুর্গতরা ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ চলবে: মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, বন্যার ক্ষতি পুষিয়ে না ওঠা পর্যন্ত দুর্গত এলাকাবাসীর পাশে থাকবে সরকার। তিনি বলেন, দুর্গত এলাকার মানুষ ঘরে না ফেরা পর্যন্ত সরকারি ত্রাণ অব্যাহত থাকবে।
মন্ত্রী আজ শনিবার বিকেলে সারিয়াকান্দি উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পর কামালপুর ইউনিয়নের রৌহদহ বন্যা নিয়ন্ত্রণ বিকল্প বাঁধে ত্রাণ বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৪টি ইউনিয়নে ৯৩টি গ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি কমে শনিবার সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, গত তিন মাস ১৩ দিনে সরকারকে হাওর এলাকায় ফসলডুবি, ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ, পাহাড়ধস ও চলমান বন্যার মতো চারটি বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সাহস ও সফলতার সঙ্গে এসব দুর্যোগ মোকাবিলা করছে।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মহসিন আলী, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
পরে মন্ত্রী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর, চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ২০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গতদের জন্য তিনি ৫০০ বান্ডিল ঢেউটিন, ১৫ লাখ টাকা ও আরও ১০০ মেট্রিক টন ত্রাণের চাল বরাদ্দের ঘোষণা দেন। পরে মন্ত্রী বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এদিকে যমুনায় নতুন করে পানি বৃদ্ধি না হওয়ায় দু-এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছেন বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।
তিনি আজ সন্ধ্যায় বলেন, যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ১৭ দশমিক ২৮ মিটার অর্থাৎ বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি কমে শনিবার সন্ধ্যা ছয়টায় তা ১৭ দশমিক ১৭ মিটারে নেমে এসে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দু-এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।
বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, জেলার তিন উপজেলার ১৪টি ইউনিয়নের ৯৩টি গ্রামের ১৭ হাজার ৪০টি পরিবার পানিবন্দী রয়েছে। আশ্রয়কেন্দ্রে ও বাঁধে আশ্রয় নিয়েছে ৪ হাজার ২৯০টি পরিবার। বন্যার পানিতে তলিয়ে গেছে ৫ হাজার ৮৫ হেক্টর জমির ফসল।