দুর্গন্ধ নাকে নিয়ে শহরে প্রবেশ
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামের সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। মহাসড়কটি ঠাকুরগাঁও জেলা শহরে প্রবেশের পথ হওয়ায় ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধ নাকে নিয়েই শহরে প্রবেশ করতে হচ্ছে লোকজনকে।
এলাকাবাসী জানান, ঠাকুরগাঁও জেলা শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনে বছর খানেক ধরে ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে আবর্জনার স্তূপ হয়ে গেছে। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
ঠাকুরগাঁও পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর (ময়লা-আবর্জনা অপসারণের জন্য নিয়োজিত ব্যক্তি) বলেন, গৃহস্থালির ময়লা নিষ্কাশনের জন্য পৌর এলাকায় ‘ক্লিন ঠাকুরগাঁও, গ্রিন ঠাকুরগাঁও’ নামে একটি প্রকল্প চালু রয়েছে। প্রকল্পে নিয়োজিত লোকজনই পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে প্রতিদিন কয়েক টন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। পরে এই আবর্জনা ময়লাবাহী ভ্যান ও ট্রাকযোগে যেখানে সুযোগ হয়, সেখানেই ফেলা হয়।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, চালকেরা আবর্জনাভর্তি ভ্যান নিয়ে মহাসড়কের পাশে ফেলছেন। বৃষ্টির পানিতে অনেক আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ছে। পথচারীরা ময়লা-আবর্জনার দুর্গন্ধ থেকে রেহাই পেতে নাক চেপে ওই এলাকা পার হচ্ছেন। দুপুর ১২টার দিকে এক যুবক ভ্যানভর্তি আবর্জনা এনে মহাসড়কের পাশে ফেলছিলেন। কারণ জিজ্ঞাসা করলে নিজেকে লিটন নামে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমগোরে কইলে লাভ হইব কী; আমরা তো হুকুমের গোলাম। আমগোর যেইখানে নির্দেশ সেইখানেই ময়লা ফালাই।’
হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসমা পারভীন বলে, ‘স্কুল যাতায়াতের সময় আবর্জনার পচা গন্ধ নাকে লাগে। অনেক সময় বমি চলে আসার উপক্রম হয়। পরে স্কুলে গিয়ে আর ক্লাস করতে পারি না।’
ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক আবু মো. খায়রুল কবীর বলেন, ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। যেসব জায়গায় মানুষের নিয়মিত চলাচল আছে, সেখানে আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য ঠিক নয়।
‘ক্লিন ঠাকুরগাঁও, গ্রিন ঠাকুরগাঁও’ প্রকল্পের সমন্বয়কারী এনামুল হক দাবি করে বলেন, স্টেডিয়ামের সামনের গর্ত ভরাট করতে জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অনুরোধের পরই সেখানে ময়লা-আবর্জনা ফেলতে শুরু হয়েছে।
ডিএসএ সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের সামনের গর্তে ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ কারণে গর্তটি ভরাট করে দিতে পৌরসভাকে অনুরোধ করা হয়। এরপর পৌরসভা সেখানে ময়লা ফেলে ভরাট শুরু করে।
পৌরমেয়র এম এম এ মঈন বলেন, শিগগির গৃহস্থালির ময়লা-আবর্জনা ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম চালু হবে। তখন কেউ অনুরোধ করলেও এসব আবর্জনা যেখানে সেখানে ফেলার সুযোগ থাকবে না।