দুর্গন্ধযুক্ত চাল, বিপাকে ইউনিয়ন পরিষদ
বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাওয়ার অযোগ্য-দুর্গন্ধযুক্ত চাল নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) বিপাকে পড়েছে। গত রোববার এসব চাল বিতরণ করতে গেলে উপকারভোগী দুস্থ নারীরা বিক্ষোভ করেন। ফলে চাল বিতরণ করা সম্ভব হয়নি। কবে নাগাদ চাল বিতরণ করা হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এদিকে এসব চাল ফেরত দেওয়া সম্ভব নয় বলে উপজেলা ত্রাণ কার্যালয় সূত্র জানিয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়নে ১৫ মেট্রিক টন আতব চাল বরাদ্দ দেওয়া হয়। ওই মাসেই চাল উত্তোলন করে পরিষদের গুদামে রাখা হয়। ইউনিয়নের এক হাজার দুস্থ নারীর প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়ার কথা। তখন নির্বাচনের কারণে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা না থাকায় তালিকা তৈরির জন্য ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণচন্দ্র বিশ্বাসকে কমিটির সভাপতি ও ইউপির সচিব শাহানা আক্তারকে সদস্যসচিব করা হয়। কিন্তু কমিটির সিদ্ধান্তহীনতা ও সরকারি দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণে তালিকা তৈরিতে দেরি হয়। চাল উত্তোলনের প্রায় চার মাস পর গত রোববার বিতরণ করতে গেলে দুস্থ নারীরা হইচই শুরু করেন। এমনিতে খাবার অযোগ্য চাল, উপরন্তু ১৫ কেজির স্থলে ১০ কেজি করে বিতরণের প্রতিবাদে তাঁরা চাল না নিয়ে বিক্ষোভ করেন। এ নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জনতা ও দুস্থ নারীদের তোপের মুখে উপজেলা মৎস্য কর্মকর্তা বিতরণস্থল থেকে চলে যান। ফলে কয়েকজনকে চাল দেওয়ার পর বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। যাঁরা নিয়েছিলেন তাঁরাও চাল ফেরত দিয়ে যান। ইউপির সচিব শাহানা আক্তার জানান, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের গুদামে পড়ে থাকায় চালের রং কিছুটা খারাপ হয়। এ ছাড়া গুদামজাতের কারণে ওজনে ঘাটতি ও দুর্গন্ধ হতে পারে। ঘাটতি হওয়ায় ১৫ কেজির স্থলে ১০ কেজি করে বিতরণ করা হচ্ছিল। পরে উদ্ভূত পরিস্থিতির কারণে চাল বিতরণ স্থগিত রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক সদস্য অভিযোগ করেন, ‘কমিটি করা হলেও মূলত তালিকা প্রণয়ন করেন স্থানীয় সাংসদের সমর্থক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা দুস্থ নারীদের কাছ থেকে উৎকোচ নিয়ে তালিকা তৈরি করেন। কিন্তু কে কত নাম দেবে, তা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ফলে তালিকা তৈরিতে বিলম্ব ঘটে।’ উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণচন্দ্র বিশ্বাস বলেন, ‘চাল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ফুলছড়ির ইউএনও হাসান মারুফ বলেন, তালিকা প্রণয়নে বিলম্ব হওয়ায় চাল বিতরণও বিলম্ব হয়েছে; কিন্তু চাল নষ্ট হয়নি।