দুর্গন্ধে অতিষ্ঠ পুরান ঢাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাদুর শাহ পার্কের সামনে ভাগাড় স্থাপনের ফলে নোংরা আবর্জনার দুর্গন্ধ পরিবেশ দূষণ করে চলছে৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বাহাদুর শাহ পার্কের সামনে ভাগাড় স্থাপনের ফলে নোংরা আবর্জনার দুর্গন্ধ পরিবেশ দূষণ করে চলছে৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৫৫)। শরীর সুস্থ রাখতে সকাল-সন্ধ্যা ব্যায়াম করতে যান ভিক্টোরিয়া পার্কে। কিন্তু পার্কটির উত্তর-পশ্চিম পাশে গেলেই ঘটে বিপত্তি। নাক চেপে দৌড় দিতে হয় তাঁকে। কারণ, পার্কসংলগ্ন জনসন রোডের ওপর দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী ডাস্টবিন। তাতে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা। তা পচে তৈরি হচ্ছে দুর্গন্ধময় পরিবেশ। ফলে নষ্ট হচ্ছে পার্ক ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ।
একই চিত্রের দেখা মিলবে শাঁখারীবাজারের প্রধান ফটক ও ধোলাইখাল মোড় সড়কসহ ইংলিশ রোডের বিভিন্ন স্থানে। এসব স্থানে স্তূপ করে রাখা হয় বাসাবাড়ির ময়লা-আবর্জনা। এ ছাড়া, পুরান ঢাকার অন্যান্য এলাকার চিত্রও অনেকটা একই রকম৷
এলাকাবাসীর অভিযোগ, সপ্তাহে অন্তত দুবার ডাস্টবিনগুলো পরিষ্কার ও প্রতিদিন সকালে আবর্জনা সরানোর কথা থাকলেও তা করছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ফলে দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলতে হচ্ছে পথচারীদের।
শাঁখারীবাজারের বাসিন্দা রঞ্জন কুমার বলেন, ‘আমার বাসার পাশেই ডাস্টবিন। দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে।’
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সকাল সাতটার দিকে বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে আনা হচ্ছে গৃহস্থালির ময়লা-আবর্জনা। আর তা রাখা হচ্ছে বাহাদুর শাহ পার্কের উত্তর-পশ্চিম পাশের সড়কের ওপর। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত ময়লা সরানোর জন্য কোনো ‘কনটেইনার ট্রাক’ আসেনি। বিকেল চারটায়ও ময়লা সরানো হয়নি। এ ছাড়া, শাঁখারীবাজারের প্রধান ফটকে ও ধোলাইখাল মোড়ে সড়কের ওপর বড় দুটি ডাস্টবিনে আবর্জনা জমে রয়েছে।
বাহাদুর শাহ পার্ক প্রাতভ্র৴মণকারী সংঘের সভাপতি মো. সানাউল হক অভিযোগ করে বলেন, পার্কের পাশে আবর্জনা না রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কয়েকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু তা স্থানান্তর করছে না কর্তৃপক্ষ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসাবাড়ির ময়লা-আবর্জনা প্রথমে রাখা হতো বাংলাবাজার মোড় এলাকায়। ওই এলাকার বই ব্যবসায়ীদের আন্দোলনের ফলে ২০০৪ সালে তা কলতাবাজারে স্থানান্তর করা হয়। পরে কলতাবাজার এলাকার বাসিন্দাদের বাধার ফলে ২০০৬ সাল থেকে বাহাদুর শাহ পার্কসংলগ্ন জনসন রোডে অস্থায়ী ডাস্টবিন করা হয়। এ ছাড়া, ধোলাইখাল মোড়ে সড়কের মাঝে দীর্ঘদিন ধরেই রয়েছে ডাস্টবিন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শেখ মো. জাবেদ ইকবাল বলেন, ডাস্টবিন ও আবর্জনা রাখার কনটেইনারে ফুটপাতে অবস্থানরত মানুষ ও পথচারীরা মলত্যাগের কারণেই দুর্গন্ধ বেশি ছড়াচ্ছে। তবে তা সময়মতোই পরিষ্কার রাখা হচ্ছে বলে তার দাবি৷