দুর্গন্ধে গণগ্রন্থাগার পাঠকশূন্য

পাবনা পৌর এলাকার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে পৌরসভার ফেলা বর্জ্যের দুর্গন্ধে জেলার একমাত্র সরকারি গণগ্রন্থাগার পাঠকশূন্য হয়ে পড়েছে। এই গণগ্রস্থাগারটি ওই ময়লা ফেলা স্থানের কাছেই অবস্থিত।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের ওই স্থানে একটি বড় খাল ছিল। কয়েক বছর ধরে পাবনা পৌরসভা লস্করপুর এলাকার ওই খালটিতে শহরের বর্জ্য ফেলছে। এ অবস্থায় পুরো খালই এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ভাগাড়ের পাশে দাঁড়িয়ে আছে জেলার একমাত্র সরকারি গণগ্রন্থাগার। এ ছাড়া আশপাশেই রয়েছে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাবনা ইসলামিয়া কলেজ, পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একটি এতিমখানা, একটি মাদ্রাসা, একটি চক্ষু হাসপাতালসহ বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ এ এলাকায় পৌর কর্তৃপক্ষ এভাবে ময়লা ফেলায় দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও পথচারীরা। গন্ধের কারণেই গ্রন্থাগারেও পাঠকের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মহাসড়কটির ডান দিকে গেলেই বিশাল এই ময়লার ভাগাড়। কাক ও কুকুর দল বেঁধে আবর্জনা ঘাঁটছে। পাশেই বাগানে ঘেরা সরকারি গ্রন্থাগারটি। বাইরে থেকে দেখতে যত সুন্দরই হোক, ভেতরে গিয়ে দেখা গেল গ্রন্থাগারের পাঠকক্ষ একেবারে পাঠকহীন। আবর্জনার গন্ধে গ্রন্থাগারে টেকাও কঠিন।
গ্রন্থাগারের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রন্থাগারটি জেলা শহরের কিছুটা বাইরে থাকায় এমনিতেই পাঠক কম। তার ওপর ভাগাড় বিড়ম্বনা বাড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাগাড়ের দুর্গন্ধ বাড়ে। পাঠক আর এখানে বসে বই পড়তে পারে না। এ অবস্থায় প্রায় ৩৫ হাজার বইয়ের বিশাল এই গ্রন্থাগারটি দিন দিন পাঠকশূন্য হয়ে পড়ছে। গ্রন্থাগারের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে বহুবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু ভাগাড়টি সরিয়ে নেওয়া হয়নি।
গ্রন্থাগারে বই পড়তে আসা পাবনা জেলা স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গ্রন্থাগারটি যখন শহরে ছিল তখন পাঠক গমগম করত। আমি নিজেও দুই বেলা যেতাম। এখন একদিকে শহরের বাইরে, অন্যদিকে দূষিত পরিবেশের কারণে এখানে আসাই হয় না।’
ভাগাড়-সংলগ্ন চায়ের দোকানদার রইচ উদ্দিন বলেন, ‘আমাগের ২৪ ঘণ্টাই দুর্গন্ধের মধ্যি বাস করা লাগে। বাতাসে মাঝে মাঝে দুর্গন্ধ বাড়ে। তহন পেটের নাড়ি বাইরে চলে আসপের চায়।’
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, প্রতিদিন শহরে প্রচুর বর্জ্য জমা হয়। কিন্তু পৌরসভার বর্জ্য ফেলার জায়গা না থাকায় এত দিন ওই এলাকায় ফেলা হচ্ছিল। তবে আর ফেলা হবে না। এরই মধ্যে বর্জ্যনিষ্কাশনের ব্যবস্থাকে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। শহরের উপকণ্ঠে বড় ডাস্টবিন তৈরি করা হচ্ছে। কাজটি শেষ হলে সেখানেই বর্জ্য ফেলা হবে।