হাসপাতালে গাইনি বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট। ভেতরে থাকা রোগী ও তাঁদের স্বজনেরা সবাই নাকে কাপড় চেপে আছেন। এমনকি ইউনিটের কর্তব্যরত নার্সও নাকে কাপড় চেপে কাজ সারছেন। শৌচাগারের গন্ধে টেকা দায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় ৩ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর ইউনিটে গিয়ে গত রোববার এ অবস্থা দেখা যায়। রোগীদের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ ধরে এ রকম পরিস্থিতি চললেও দুর্গন্ধ দূর করার কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
গাইনি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিচতলায় গাইনি ওয়ার্ডের ২ ও ৩ নম্বর ইউনিটের শৌচাগার থেকে গন্ধ ছড়াচ্ছে। ওই দুই ইউনিটের ওপরতলার পয়োনিষ্কাশনের পাইপ ফেটে গেছে। সেটা দিয়ে মলমূত্র নিচতলার শৌচাগারে পড়ছে। তাই এত দুর্গন্ধ।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩ নম্বর ওয়ার্ডে আছেন তেরখাদার ইছামতী গ্রাম থেকে আসা রোকসানা (৩৪)। তাঁর পাশে থাকা স্বজনেরা সবাই নাকে কাপড় চেপে বসে আছেন। ২৩ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। বললেন, ‘গরিব মানুষ, বিপদে পড়ে হাসপাতালে আসছি, আসার পর গন্ধে আরও অসুস্থ হয়ে পড়ছি। এ রকম গন্ধে কোনো মানুষ থাকতে পারে?’ ওই ইউনিটের আরেক রোগী রেশমা বেগম বলেন, গন্ধে মাঝে মাঝে বমি হয়ে যাচ্ছে। কিন্তু কিছুই করার নেই। হাসপাতাল ভবনের নিচতলার বারান্দায় আসার কিছুটা পর থেকেই নার্সরাও নাকে কাপড় চেপে থাকেন। এভাবেই কাজ করেন। ২ ও ৩ নম্বর ইউনিটের কর্তব্যরত রেজিস্ট্রার ও সিনিয়র নার্স বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। কিন্তু দিন ১৫ ধরে সমস্যাটা আরও বেড়েছে। এ রকম পরিস্থিতিতে তাঁদের সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। আর দুই ইউনিটে রোগীরা একদম থাকতে পারছেন না।
২ ও ৩ নম্বর ওয়ার্ডের পেছনে পয়োনালার পাশে গিয়ে দেখা যায়, সেখানে পয়োবর্জ্য ভাসছে। একটি পয়োনিষ্কাশনের পাইপ থেকে সেগুলো ড্রেনে পড়ছে।
১ নম্বর ইউনিটের রোগী মোংলা থেকে আসা মনোয়ারা বেগম ও তাঁর মেয়ে লিমা বলেন, প্রথমে এসে তাঁরা ৩ নম্বর ইউনিটে ছিলেন। আজ ১ নম্বর ইউনিটে সিট পেয়েছেন। মনোয়ারা বললেন, ‘আল্লাহ বাঁচাইছে। ওখানে থাকলে সব সুস্থ মানুষ অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়বে।’ এখানেও গন্ধ আসছে, তবে কম।
গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ আফরোজা খাতুন বলেন, গন্ধে ওয়ার্ডে ঢোকা যাচ্ছে না। রোগীরাও মারাত্মক যন্ত্রণায় আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে। এ রকম পরিস্থিতিতে ডিউটি করাও অসম্ভব হয়ে পড়ছে বলে লিখিতভাবে জানানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহা বলেন, পয়োনিষ্কাশন পাইপ ফেটে এই সমস্যা হয়েছে। সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চাহিদাপত্র দেওয়া হয়েছিল। তবে তারা কোনো সাড়া না দেওয়ায় হাসপাতালের নিজস্ব উদ্যোগে ঠিক করার কাজ চলছে। উপকরণ কেনা হয়েছে। দু-এক দিনের মধ্যে সমস্যা কেটে যাবে।