
গরু, ছাগল, কচ্ছপের মৃতদেহ পড়ে আছে যেখানে-সেখানে। দুর্গন্ধে নাক চেপে হাঁটছেন পর্যটকেরা। এখানেই শেষ নয়। সৈকতের বালুচরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নারকেলের ছোবড়া, ডাবের খোসা, বিস্কুট-চানাচুরের প্যাকেট। ঈদের পর থেকেই কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতের এ অবস্থা।
সৈকতের এমন দূষিত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকেরা। গতকাল বুধবার বিকেলে সৈকতের মহেষখালীয়া পাড়া অংশে গিয়ে দেখা যায়, গরুর মৃতদেহ পড়ে আছে বালুচরে। এর আধা কিলোমিটার দূরে লম্বরি এলাকায় দূরে পড়ে আছে কুকুরের মৃতদেহ। সেখান থেকে সাড়ে তিন কিলোমিটার দক্ষিণে সৈকতের হাদুরছড়া অংশে দেখা গেছে ছাগল ও কচ্ছপের মৃতদেহ।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা বলেন, কোরবানির ঈদের আগে মিয়ানমার থেকে নৌপথে পশু আনেন বেপারিরা। নৌকায় মরে যাওয়া পশু সাগরে ফেলে দেন তাঁরা। ওই পশুই সৈকতে ভেসে এসেছে।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ব্যবসায়ী শামসুর রহমান বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো টেকনাফে এলাম। কিন্তু সৈকতের এমন হাল দেখে হতবাক হয়েছি। চারদিকে দুর্গন্ধ, কোথাও দাঁড়ানো যাচ্ছে না।’
এ বিষয়ে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, এভাবে বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব মৃতদেহ থেকে রোগ-জীবাণু ছড়াতে পারে। পর্যটকদের স্বার্থে এগুলোকে মাটিতে পুঁতে ফেলা জরুরি।
সৈকতপারের লোকজন বলেন, আশপাশে গড়ে ওঠা দোকানপাটের আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট সমুদ্রসৈকতে ফেলা হয়। এ কারণে আবর্জনা মাড়িয়েই সৈকতে ঘুরে বেড়াতে হয় পর্যটকদের।
জেলেরা সৈকতেই জাল পরিষ্কার করেন। জালে আটকে থাকা মরা মাছ ফেলা হয় বালুচরে। মাছ পচেও দুর্গন্ধ ছড়ায়। সৈকতের মহেষখালীয়া পাড়া পয়েন্টে কথা হয় জেলে খলিলুর রহমান ও আলী আকবরের সঙ্গে। তাঁরা বলেন, ‘আমরা প্রায় সময় মাছ ধরে কূলে আসার পর চরে জাল বিছিয়ে আটকাপড়া মাছসহ কাঁকড়া পরিষ্কার করি। কেউ এতে কোনো দিন বাধা দেয়নি। এসব মাছ ফেলে রাখলে কিছু অংশ কুকুরে খায়, বাকিগুলো জোয়ারে ভেসে যায়। তাই কষ্ট করে দূরে নিয়ে ফেলার কোনো কারণ নেই।’ এসব মাছ জাল থেকে ছাড়িয়ে সৈকতে ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি অবশ্য জেলেরা স্বীকার করেন।
সৈকতে বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকার কথা স্বীকার করে টেকনাফ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম বলেন, অর্থ বরাদ্দ না থাকায় সৈকত রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সৈকতে পড়ে থাকা মৃত প্রাণীর দেহগুলো পুঁতে ফেলতে ওই এলাকার পরিবেশগত সংকটাপন্ন কমিটির সদস্যদের বলেছেন।