দুর্গন্ধে শহীদ মিনারের কাছে যাওয়া যায় না
অযত্ন আর অবহেলায় পড়ে আছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের শহীদ মিনারটি। এলাকা দিয়ে চলাচলকারী লোকজন প্রস্রাবের স্থান হিসেবে বেছে নিয়েছে দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির ২০ গজ দূরে অবিস্থত এ শহীদ মিনারের জায়গাটি। এতে দুর্গন্ধে শহীদ মিনারের কাছে যাওয়া যায় না।জানা গেছে, প্রায়ই দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন যানজটে আটকা পড়ে। এসব যানবাহনের চালক, চালকের সহকারী ও অনেক যাত্রী প্রস্রাবের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নেয় এ শহীদ মিনারের জায়গাটি। স্থানীয় জনসাধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৮৬ সালে শহীদ মিনারটি নির্মিত হলেও এটি দেখার যেন কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের পাশে প্রস্রাব জমে রয়েছে। দুর্গন্ধে শহীদ মিনারের পাশ দিয়ে হাঁটাও কষ্টকর।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল হোসেন, নুরুল ইসলামসহ অনেকেই বলেন, গত কয়েক বছর ধরে প্রস্রাবের দুর্গন্ধে শহীদ মিনারের কাছে যাওয়া যায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’