দুর্গন্ধের নগর সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী হাট বসানো হয়েছিল। কোরবানির তিন দিন পরও হাটগুলোর পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হয়নি নগরের বিভিন্ন মহল্লার পশুর বর্জ্য। এতে পুরো সিটি করপোরেশন এলাকায় দুর্গন্ধময় অবস্থার সৃষ্টি হয়েছে। বিঘ্ন ঘটছে পথচারীদের চলাচলে।গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের তালতলা, শেখঘাট, পাঠানটোলা, সুবিদবাজার, উপশহর, টিলাগড়, শিবগঞ্জ, দক্ষিণ সুরমা ও শহরতলির শাহ পরান গেট, মেজরটিলা, টুকেরবাজারসহ অন্তত ২০টি এলাকায় ঈদের আগে স্থাপিত অস্থায়ী পশুর হাটগুলোতে পশুর মল, উচ্ছিষ্ট খড়-ঘাস এবং নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় এসব স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নগরবাসীর ভাষ্যমতে, যত্রতত্র পশু জবাইয়ের কারণে নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় রক্ত ও পশুর বর্জ্য ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও পশুর হাড় পড়ে আছে। তিন দিনেও এসব বর্জ্য অপসারণে কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ।তালতলা এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সিলেট শহরকে ‘দুর্গন্ধের নগর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ঈদের আগে পুরো তালতলা এলাকায় পশুর হাট বসেছিল। হাট ঠিকই শেষ হয়েছে। ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় পুরো এলাকা দুর্গন্ধময় হয়ে পড়েছে। বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ করে বসবাস করতে হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় নাক চেপে পথ চলতে হচ্ছে।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মানুষজন সচেতন না হওয়ায় যেখানে সেখানে পশু জবাই করেছেন। এতে নগরে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নগরে স্থাপিত হাটগুলোর বর্জ্য অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।