দুর্গম অঞ্চলে চিকিৎসাসেবায় নৌ-অ্যাম্বুলেন্স
মেঘনা নদী পরিবেষ্টিত প্রায় যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গম এক জনপদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রাম। এ অঞ্চলের জনগণের চিকিৎসার্থে গত শুক্রবার থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স বোট বা নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।সাধারণত, অ্যাম্বুলেন্সে যেসব যন্ত্রপাতি থাকে তার সবই এই অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। এর মাধ্যমে চরাঞ্চলের বাসিন্দারা সারা বছরই চিকিৎসাসুবিধা পাবেন। বিশেষ করে প্রসূতিরা উন্নত চিকিৎসার জন্য সহজে ও স্বল্প সময়ে উপজেলা সদর হাসপাতালে পৌঁছাতে পারবেন। বেসরকারি একটি সংস্থার অর্থায়নে বিশেষ এই অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক নাসিরুজ্জামানের সভাপতিত্বে ওয়াটার অ্যাম্বুলেন্স বোটের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে নুনেরটেক গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম আমিন উল্লাহ নূরী, নারায়ণগঞ্জের সিভিল সার্জন সেহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবদুস সামাদ প্রমুখ।অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, দেশে প্রথম এই পাইলট প্রকল্পটিতে সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি। সরকারি কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনের অনুদানে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে। চিকিৎসার জন্য নুনেরটেক গ্রামে একটি চিকিৎসাসেবা কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সপ্তাহে এক দিন বিনা মূল্যে মানুষকে সেবা দেবেন।