শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আবাসিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। কারণ, সেখানে ছোট ছোট পাড়ায় বিদ্যালয় করা সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার বান্দরবানের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ডনবস্কো উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা শহরের ডনবস্কো উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মংক্যচিং চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠীর শিশুকে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ দিতে পাঠ্যবই প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।