দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, চিকিৎসা ক্যাম্প থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরের গ্রামেও ডায়রিয়ায় আক্রান্ত রোগী আছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে। তার পরও তাদের চিকিৎসা ক্যাম্পে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে নৌকা ও ভেলায় করে কিছু রোগী আনা হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল চিল্লেতলীতে গেছেন। কিন্তু হেঁটে সব এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন।
সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শিয়ালদাই এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে একটি ও মাচালং এলাকায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে। এ ছাড়া মাচালং উপস্বাস্থ্যকেন্দ্রেও ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি ভ্রাম্যমাণ চিকিৎসক দলও রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে। বিজিবিও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার সারা দিন এসব চিকিৎসা ক্যাম্পে ডায়রিয়ায় আক্রান্ত দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর রোগী আছে ৪৭ জন। তাঁদের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে রাখা হয়েছে। এ ছাড়া গতকাল দুই শতাধিক রোগীকে খাবার স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রোগীদের মাঝে খাবার স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গতকাল রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা মাচালং চিকিৎসা ক্যাম্প ও রুইলুই পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের দেখতে যান। তিনি ডায়রিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেন।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
প্রসঙ্গত, সাজেক ইউনিয়নের দুই গ্রামে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।