দুর্গম এলাকার মানুষ সেবা ঠিকমতো পান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষ সরকারি সেবা ও সুযোগ ঠিকমতো পান না। পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঠিকমতো উপবৃত্তির টাকা পায় না। দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক বিদ্যালয়ে শিক্ষক থাকলেও তাঁরা নিয়মিত ক্লাস নেন না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের কল্যাণপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সামাজিক সুরক্ষা সেবা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
রাঙামাটির বেসরকারি সংগঠন সামাজিক ফোরামের আয়োজনে টংগ্যা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক কণিকা বড়ুয়া। বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, জেলা মহিলাবিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা কণিকা চাকমা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, জেলা খাদ্য পরিদর্শক তমাল দাশ ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সমন্বয়ক উদভাষণ চাকমা, সাংবাদিক হিমেল চাকমা প্রমুখ।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চাকমা বলেন, প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা যেতে যান না। যে কারণে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হয়। কিন্তু তাঁরাও নিয়মিত বিদ্যালয়ে যান না।
টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, শুধু উপবৃত্তির টাকা নয়, দুর্গম এলাকার মানুষেরা ভিজিডি, বিধবা ও বয়স্ক ভাতাও ঠিকভাবে পান না। সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজে দুর্গম এলাকা গিয়ে এসব ঘটনার সত্যতা তাঁরা খুঁজে পেয়েছেন।
জেলা মহিলাবিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা কণিকা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্যান্য অঞ্চলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তির টাকা দেওয়া হচ্ছে। কিন্তু পাহাড়ের অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। সে জন্য মোবাইলের মাধ্যমে তাদের বৃত্তি নেওয়াও সম্ভব নয়।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা বলেন, গোলটেবিল বৈঠকে যেসব বিষয় উঠে এসেছে জেলা পরিষদের সমন্বয় সভায় তা উত্থাপন করা হবে।