দুর্গম এলাকার সব নাগরিকের পয়োনিষ্কাশন আগামীর চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী স্যানিটেশন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গতকাল রোববার বক্তারা বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে স্যানিটেশনের অন্যতম চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকার সব নাগরিকের জন্য পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। স্যানিটেশন-ব্যবস্থায় বাংলাদেশ যে সার্বিক উন্নতি করেছে, তা ধরে রাখাও হবে অন্যতম চ্যালেঞ্জ।
রাজধানীর একটি হোটেলে ‘জার্নি টু জিরো’ শীর্ষক সম্মেলন গতকাল শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত সরকারের স্যানিটেশন সচিবালয়ের আয়োজনে গত শনিবার এ সম্মেলন শুরু হয়েছিল। ইউনিসেফ, ওয়াটারএইড, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, প্ল্যান ইন্টারন্যাশনালসহ ১২টি সংস্থা সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ‘অল্প সময়ের মধ্যে স্যানিটেশনে আমরা অগ্রগতি দেখিয়েছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ এ কর্মসূচি অব্যাহত রাখবে।’ তিনি সব ধরনের গণপরিবহনে এবং জনসমাগমস্থলে স্যানিটেশনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফচ ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।
ক্রিস্টিয়ান ফচ বলেন, ভবিষ্যতে নারী-শিশু এবং সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য ভৌত অবকাঠামো বাড়ানো দরকার। জোহান ফ্রিসেল আশা করেন, ভবিষ্যতে দুর্গম এলাকার নাগরিকদের জন্য পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সম্মেলনের মূল বক্তব্য তুলে ধরেন ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম।