দুর্গম এলাকায় থাকা চিকিত্সকেরা প্রণোদনা পাবেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, দুর্গম অঞ্চলে যেসব চিকিত্সক স্বাস্থ্যসেবা দেবেন, তাঁদের জন্য সরকার বিশেষ প্রণোদনার ব্যবস্থা করবে।
আজ রোববার সকালে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা জানান মন্ত্রী। প্রথম আলো আয়োজিত ‘ক্যানসার চিকিত্সায় বাংলাদেশ’ শীর্ষক বৈঠকটির শুরুতেই মো. নাসিম কর্মস্থলে চিকিত্সকদের না-থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্তের সুপারিশের পরিপ্রেক্ষিতে তিনি প্রণোদনার কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কাছে চিকিত্সাসেবা পৌঁছে দিতে কর্মস্থলে চিকিত্সকদের উপস্থিত থাকতেই হবে। আমি চিকিত্সকদের শীর্ষ সংগঠন বিএমএ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সবার সহযোগিতা চেয়েছি। আপনারা চাপ প্রয়োগ না করলে হবে না।’ তিনি প্রশ্ন তোলেন, যদি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গ্রামে থাকতে পারেন, কৃষি অফিসার থাকতে পারেন, তাহলে একজন চিকিত্সক থাকতে পারবেন না কেন? তিনি যুক্তি দেখান গ্রামের যোগাযোগ-ব্যবস্থা ভালো, বিদ্যুত্ আছে, আবহাওয়াও ভালো। তার পরও চিকিত্সকেরা থাকছেন না বলে সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছানো যাচ্ছে না।

অনুষ্ঠানে প্রাণ গোপাল দত্ত বলেন, বাংলাদেশে ৪৮৫টি উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে ১১৩টি দুর্গম এলাকায় অবস্থিত। একজন চিকিত্সক নাইক্ষ্যংছড়ি, মনপুরা, হিমছড়ি বা হালুয়াঘাটে কর্মজীবন শুরু করছেন। কিন্তু দুর্গম এলাকায় কাজ করার জন্য তিনি কোনো সুবিধা পাচ্ছেন না। একজন চিকিত্সক দুই বছর গ্রামে কাজ করার পর তাঁকে আবার ভালো জায়গায় পদায়নের জন্য ধরনা দিতে হয়। এ কাজে তাঁর বেতনের সব টাকাও খরচ হয়ে যাচ্ছে।