দুর্গম এলাকায় নিয়োগ পেয়ে শিক্ষকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানিয়া পারভীনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। মুক্তিযোদ্ধা কোটায় তাঁকে কক্সবাজার জেলার বেকুয়া উপজেলার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা না থাকায় তিনি ভোগান্তি পোহাচ্ছেন।শুধু তানিয়া নন, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটায় নিয়োগ পাওয়া রাজশাহী বিভাগের আট জেলার ৬১৪ জন শিক্ষককে নিজ জেলার বাইরে এ রকম দুর্গম এলাকায় যোগ দিতে হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর এসব কোটায় সহকারী শিক্ষক হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নিজ জেলার বাইরে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেসব জেলায় নিয়োগ দেওয়া হয়।বিশেষ করে, রাজশাহী বিভাগে নিয়োগ পাওয়া শিক্ষকদের চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, সন্দ্বীপ, রাউজান, ডবলমুরিং, বোয়ালখালী, পাঁচলাইশ, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, সিলেটের জকিগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, ফেনীর পরশুরাম, চাঁদপুরের মতলব, কচুয়া, মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, লক্ষ্মীপুরের রামনগর, দড়িগণখাসিয়া, নোয়াখালীর চাটখিল, কোম্পানীগঞ্জ, কক্সবাজারের চকরিয়া, উখিয়া, কুতুবদিয়া ও বেকুয়ায় নিয়োগ দেওয়া হয়েছে।শিক্ষকেরা দাবি করেন, তাঁদের ভরসা দেওয়া হয়েছিল, প্রশিক্ষণের পর তাঁদের নিজ নিজ এলাকার শূন্য পদে পদায়ন করা হবে। গত ২৯ জুন প্রশিক্ষণ শেষে তাঁদের আবার আগের বিদ্যালয়েই যোগ দিতে বলা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মনজুর কাদির বলেন, মেধা তালিকায় ওপর থেকে টেনে নেওয়ার পর নিজ জেলায় পদ খালি না থাকায় যেসব জেলায় পদ খালি পাওয়া গেছে, তাঁদের ওই সব জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। দুই বছরের মধ্যে তাঁদের নিজ জেলায় নিয়ে আসার কোনো সুযোগ নেই।