দুর্গম এলাকায় শিক্ষার আলো নিভে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম সাংগ্রাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জিতা রানী চাকমা প্রায় দুই কিলোমিটার পাহাড় ডিঙিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এ বিদ্যালয়টি না থাকলে তার পড়াশোনাই হতো না। কারণ, সবচেয়ে পাশের সরকারি বিদ্যালয়টির দূরত্ব ৩০ কিলোমিটারের বেশি।
জিতা রানী বলে, ‘কষ্ট হলেও স্কুলে আসি, পড়তে ভালো লাগে। আমি আরও পড়তে চাই।’
শুধু জিতা রানী চাকমা নয়, পার্বত্য জেলা পরিষদ পরিচালিত শিক্ষা প্রকল্পে রাঙামাটি জেলার দুর্গম এলাকার পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী শিক্ষাসেবা পাচ্ছে। তবে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার খবরে সংশ্লিষ্ট ব্যক্তিরা হতাশ হয়ে পড়েছেন।
সম্প্রতি রেংখ্যং সরকারি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে স্থাপিত ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এ হতাশার কথা জানা গেছে। ইউএনডিপির ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের’ (সিএইচটিডিএফ) অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পের’ মাধ্যমে বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে।
সাংগ্রাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্ধার্থ চাকমা বলেন, ‘আমাদের এলাকাটি সরকারি সংরক্ষিত বনের অধীন। তাই সবাই ভূমিহীন জুমচাষি। বছরের দুই-তৃতীয়াংশ সময় অভাব-অনটনে থাকতে হয়। আমাদের পক্ষে বিদ্যালয় চালানো সম্ভব নয়।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুধু সাংগ্রাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, প্রকল্পভুক্ত জেলার ১০০টি বিদ্যালয়ের মধ্যে অধিকাংশই বন্ধ হয়ে যেতে পারে।’
রাঙামাটি শহর থেকে ২০০ কিলোমিটারের বেশি দূরে ফারুয়া ইউনিয়নের পশ্চিম মন্দিরাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টুটু তঞ্চঙ্গ্যা জানান, রাজনৈতিক অস্থিতিশীলতায় ১৯৮০ দশকে উদ্বাস্তু হওয়ার পর সংরক্ষিত বনের বিভিন্ন স্থানে জুম চাষ করে জীবন যাপন করেছেন। বিদ্যালয় পাওয়ার পর ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার্থে ৯৮ পরিবার মিলে স্থায়ী বসবাসের চেষ্টা করছে। কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তাদের বিদ্যালয় টিকিয়ে রাখা সম্ভব নয়।
ইউএনডিপি ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে শুরু হওয়া প্রকল্পে অন্তর্ভুক্ত ২৩৩টি বিদ্যালয় সংশ্লিষ্ট তিনটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাঙামাটি জেলার বিলাইছড়ি, রাজস্থলী, বাঘাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় রয়েছে ১০০টি বিদ্যালয়। এর মধ্যে ৩৭টি সংরক্ষিত বন এলাকায়। পার্বত্য এলাকার শিক্ষাসেবা বঞ্চিত দরিদ্র ও দুর্গম এলাকায় বসবাসকারী শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসা এবং বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে সরকারীকরণে সহযোগিতা করার লক্ষ্যে এ প্রকল্প।
শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা জানান, রাঙামাটি জেলার প্রকল্পভুক্ত বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা দুই হাজার ৫১৪ জন। এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৫৯ জনের মধ্যে ছাত্রী ২৪৬ জন।
শ্যামল মিত্র চাকমা আরও জানান, বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম থেকে ছয়টি ছিল সরকারি বিদ্যালয়। পরবর্তীকালে পাঁচটি জাতীয়করণের আওতায় আনা হয়েছে। অবশিষ্ট ৮৯টির মধ্যে তিনটি তৃতীয় পর্যায়ে জাতীয়করণের অন্তর্ভুক্ত এবং ৮৬টি জাতীয়করণের প্রক্রিয়াধীন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘বিদ্যালয়গুলো স্থাপন করা এলাকার সবাই দরিদ্র। তাদের পক্ষে বিদ্যালয় চালানো সম্ভব নয়। তাই আমরা বিদ্যালয়গুলো জাতীয়করণের চেষ্টা করছি।’