দুর্গম কেন্দ্রে শান্তির ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন-বাদারে, খাল-বিলে, ধানখেতে অরক্ষিত কেন্দ্রে হয়ে গেল ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভোটার ও প্রার্থীদের দাবি, চরফ্যাশনে এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে গতকাল বৃহস্পতিবার পাঁচজনকে পুকুরের ঠান্ডা পানিতে চুবানো হয়েছে। গতকাল সারা দিন পৌর এলাকার কয়েকটি ভোটকেন্দ্রে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। সকাল সাড়ে সাতটায় শীত উপেক্ষা করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কেন্দ্রটির তিন পাশে ধু ধু মাঠ। এক পাশে বাগান। সকাল ১০টার মধ্যে কেন্দ্রের পাঁচটি বুথে সাড়ে চার শ ভোট গ্রহণ হয়ে যায়। ভোটার আহকাম পাটওয়ারী বলেন, ‘এমুন বোট অইবো বুজি নাই। তয় কেনরোগুলান (কেন্দ্রগুলো) আরও সোন্দর করোন দরকার।’২ নম্বর ওয়ার্ডের বন বিভাগ রেঞ্জ অফিস কেন্দ্রের নিচতলা ফাঁকা। সেখানে হোগলাপাতার বেড়া দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের চারপাশ অরক্ষিত। এ কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আবদুস সালামের পক্ষে ভোট প্রদানে উৎসাহিত করার দায়ে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।৮ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নোঙর ও বল প্রতীক সমর্থিত কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। যার স্থায়িত্ব ছিল তিন থেকে পাঁচ মিনিট। পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে মুহূর্তের মধ্যে এলাকা শান্ত হয়ে যায়। ৯ নম্বর ওয়ার্ডের চরফ্যাশন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রটি বিলের মধ্যে। কোনো পথঘাট নেই। চারপাশে খাল, গর্ত আর ঘন অরণ্য। চারপাশে কোনো বাড়িঘর ছিল না। অশীতিপর অলিয়ার রহমান হাওলাদার জানান, গত ৩৫ বছরে এত সুষ্ঠু ভোট হতে দেখেননি তিনি। এ কেন্দ্রে ঘড়ি প্রতীকে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার দায়ে ফারুক, কামাল, নোমান, সুজন ও মাসুম নামে পাঁচ তরুণকে পুকুরের পানিতে চুবানো হয়। ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে কমিশনার প্রার্থী মো. জহির রায়হান ও জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় র্যব-পুলিশ-কোস্টগার্ড ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁরা দুজনই বেলা সাড়ে তিনটার দিকে সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে বলে দাবি করেন। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, চরফ্যাশন একটি অনুন্নত পৌরসভা। এ জন্য দুর্গম বন-বাদারের মধ্যে বিভিন্ন ভবনে ভোট নেওয়া হচ্ছে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।